বাংলাদেশ এর গ্রামীণ জনপদ, নদীবিধৌত চরাঞ্চল এবং শহরের প্রান্তিক খোলা মাঠগুলো একসময় ছিল জীবন্ত একেকটি ক্রীড়া-সংস্কৃতির কেন্দ্র। সেখানে বিকেল নামলেই শুরু হতো শিশু কিশোরদের চঞ্চলতা, আর সেই বিকেলবেলার খেলাই ছিল শিশু-কিশোরদের সামাজিক জীবনের মূল ভিত্তি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই দেশীয় খেলাগুলোর অনেকটাই হারিয়ে গেছে বা হারিয়ে যাওয়ার পথে।

এই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট প্রতীক হলো কাবাডি বা “হা-ডু-ডু”। জাতীয় খেলা হলে এখনো টিকে আছে নাম মাত্র এবং কাবাডি ফেডারেশন এর অধীনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলা হয়। কিন্তু একসময়ের সেই উৎসবমুখর গ্রামীণ কাবাডির চিত্র এখন প্রায় অনুপস্থিত। আগে যেখানে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই গ্রামের ছেলেরা খোলা মাঠে দলবদ্ধ হয়ে খেলত, সেখানে এখন কাবাডি মূলত প্রশিক্ষিত খেলোয়াড় ও প্রতিযোগিতামূলক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। এই পরিবর্তনের ফলে খেলাটির জনপ্রিয়তা খোয়া গেছে, যদিও এর আন্তর্জাতিক পরিচিতি বেড়েছে।

আরও একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় বিলুপ্ত খেলা হলো গোল্লাছুট। এটি ছিল গ্রামবাংলার অন্যতম প্রাণবন্ত দলগত খেলা, যেখানে গতি, কৌশল এবং সকলের সঙ্ঘবদ্ধতাই ছিল প্রধান শক্তি। খেলাটি কোনো সরঞ্জাম ছাড়াই খেলা যেত, শুধু একটি খোলা জায়গা আর কয়েকজন খেলোয়াড়ই যথেষ্ট ছিল। দেশের গ্রামীণ অঞ্চলে এটি ছিল শিশুদের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু আজ সেই খোলা মাঠগুলো অনেক জায়গায় নেই বরঞ্চ কোথাও আবাসন প্রকল্প, কোথাও কৃষিজমির পরিবর্তন, আবার কোথাও নিরাপত্তা ও সামাজিক সীমাবদ্ধতার কারণে খেলা প্রায় বন্ধ।

একইভাবে ডাঙ্গুলি যা ছিল এক ধরনের দেশীয় ব্যাট-এন্ড-বল খেলাও আজ প্রায় ইতিহাস। একটি ছোট কাঠি (গুলি) আর বড় একটি লাঠি দিয়ে খেলা এই খেলাটি অনেকটা ক্রিকেটের আদিম সংস্করণের মতো ছিল। আশ্চর্যের বিষয়, এই খেলাটির পতনের সময়েই দেশে ক্রিকেটের বিস্তার ঘটে। ক্রিকেট এখন জাতীয় আবেগে পরিণত হয়েছে। ফলে ডাঙ্গুলির মতো সহজ, গ্রামীণ ও স্বল্প-খরচের খেলাগুলো আর নতুন প্রজন্মের আগ্রহে টিকে থাকতে পারেনি।

নদীমাতৃক বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য ছিল নৌকাবাইচ। বর্ষাকালীন বাংলাদেশে এটি ছিল সামাজিক উৎসব, সম্মিলিত আনন্দ এবং স্থানীয় সংস্কৃতির প্রতীক। নৌকার বৈঠার ছন্দ, ঢোলের আওয়াজ, আর নদীর দুই পাড়ে হাজারো মানুষের উল্লাস, সব মিলিয়ে এটি ছিল এক অনন্য দৃশ্য। আজও কিছু এলাকায় এটি আয়োজিত হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই এটি এখন উৎসবনির্ভর প্রদর্শনীতে পরিণত হয়েছে, প্রতিযোগিতার আগের সেই তীব্রতা অনেকটাই হারিয়ে গেছে।
এর বাইরেও ছিল কানামাছি, বৌচি, লাঠি খেলা, এবং আরও অনেক দেশীয় খেলা। কানামাছি ছিল চোখ বাঁধা অবস্থায় ছোঁয়া-ছুঁয়ির খেলা, যা শিশুদের দিকনির্ণয় ও প্রতিক্রিয়ার দক্ষতা বাড়াত। লাঠি খেলা ছিল শারীরিক দক্ষতা ও ঐতিহ্যবাহী মার্শাল আর্টের মিশ্রণ, যা মেলা ও গ্রামীণ উৎসবে প্রদর্শিত হতো। এগুলো শুধু বিনোদন ছিল না—এগুলো ছিল সামাজিক যোগাযোগের মাধ্যম, যেখানে গ্রামের সবাই একত্রিত হতো।
এই খেলাগুলোর বিলুপ্তির পেছনে কারণগুলো বহুমাত্রিক। সবচেয়ে বড় কারণ হলো দ্রুত এবং অপরিকল্পিত নগরায়ন। রাজধানী এবং অন্যান্য বড় শহরে খোলা মাঠের সংখ্যা দ্রুত কমে গেছে। যেখানে আগে খেলার জায়গা ছিল, সেখানে এখন ভবন, রাস্তা বা বাণিজ্যিক স্থাপনা। ফলে শিশুদের স্বতঃস্ফূর্ত খেলাধুলার সুযোগ সীমিত হয়ে গেছে।
প্রযুক্তির বিস্তারও একটি বড় ভূমিকা রেখেছে। স্মার্টফোন, অনলাইন গেম এবং সামাজিক মাধ্যম শিশুদের বিনোদনের ধরন বদলে দিয়েছে। আগের মতো দলবদ্ধভাবে মাঠে খেলার পরিবর্তে এখন ব্যক্তিকেন্দ্রিক ডিজিটাল বিনোদন বেশি জনপ্রিয়।
শিক্ষা ব্যবস্থার চাপও এই পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার চাপ, কোচিং সেন্টারের আধিপত্য এবং অভিভাবকদের উচ্চ প্রত্যাশা শিশুদের খেলার সময় কমিয়ে দিয়েছে। খেলাধুলাকে এখন অনেক পরিবার “সময় নষ্ট” হিসেবে দেখে, যা আগের প্রজন্মের দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত।
এই পরিবর্তন কেবল খেলাধুলার নয়, বরং সাংস্কৃতিক রূপান্তরেরও অংশ। সাংস্কৃতিক নৃবিজ্ঞানের গবেষকরা মনে করেন, দেশীয় খেলাগুলো ছিল সামাজিক কাঠামোর অংশ। এগুলো শিশুদের মধ্যে সহযোগিতা, নেতৃত্ব, সহনশীলতা এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। অনেক খেলা ঋতুভিত্তিক ছিল বর্ষা, শুষ্ক মৌসুম বা ফসল কাটার সময় অনুযায়ী পরিবর্তিত হতো, যা প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ককে প্রতিফলিত করত।
তবুও আশার দিকও আছে। কিছু সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় উদ্যোগ এখন হারিয়ে যাওয়া খেলাগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। গ্রামীণ ক্রীড়া উৎসবের মাধ্যমে গোল্লাছুট, ডাঙ্গুলি এবং কাবাডিকে আবার শিশুদের মাঝে ফিরিয়ে আনা হচ্ছে। কিছু কিছু বিদ্যালয় তাদের শারীরিক শিক্ষার পাঠ্যক্রমে দেশীয় খেলাগুলো যুক্ত করছে, যাতে শিশুদের মধ্যে সাংস্কৃতিক পরিচয় বজায় থাকে।
সরকারি পর্যায়েও মাঝে মাঝে উদ্যোগ দেখা যায়, তবে বিশেষজ্ঞদের মতে এগুলো এখনো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে ভুগছে। মাঠ সংরক্ষণ, স্থানীয় ক্রীড়া কাঠামো তৈরি এবং নিয়মিত প্রতিযোগিতা ছাড়া এই খেলাগুলোকে টিকিয়ে রাখা কঠিন।
প্রবীণদের কাছে এই খেলাগুলো শুধুই স্মৃতি নয় বরং এগুলো ছিল শৈশবের অনুভূতি, বন্ধুত্বের গল্প এবং গ্রামের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাদের কাছে একটি খেলা হারিয়ে যাওয়া মানে একটি সময়, একটি সমাজ এবং একটি জীবনধারা হারিয়ে যাওয়া।
বাংলাদেশ যখন আধুনিকতার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন প্রশ্ন থেকে যায়, এই অগ্রগতির ভেতর কি আমরা আমাদের শিকড়গুলো ধরে রাখতে পারব? নাকি উন্নয়নের ছায়ায় চাপা পড়ে যাবে সেই সব খেলাধুলা, যা একসময় একটি জাতিকে একত্রে বেঁধে রেখেছিল? কারণ শেষ পর্যন্ত, খেলা শুধু খেলা নয়, খেলা একটি সমাজের স্মৃতি, সংস্কৃতি এবং অস্তিত্বের ভাষা।


