সারে কাউন্টির একজন প্যাশনেট প্রজাপতি গবেষক আমাদের জানিয়েছেন কেমন করে তিনি একটি বিরল প্রজাপতি খুঁজে পেয়েছেন। এই প্রজাপতির সন্ধান কনজার্ভেশন রিসার্চে অনন্য সংযোজন।গ্যারেথ টিলি যুক্তরাজ্যের অতি দুষ্প্রাপ্য প্রজাপতিগুলোর একটি, ব্ল্যাক হেয়ারস্ট্রিকের এক দলের সন্ধান পেয়েছেন। সারে কাউন্টির লিখিত ইতিহাসে এই প্রজাপতির কোন উল্লেখ নেই। ‘বাটারফ্লাই কনজারভেশন’-এর তথ্য অনুযায়ী, এই আবিষ্কারের আগে এই প্রজাতিটি কেবল অক্সফোর্ড এবং পিটারবোরোর মধ্যবর্তী বনাঞ্চলেই পাওয়া যেত।

টিলি বলেন: “আমি সেন্ট্রাল লন্ডনের বাইশ কিলোমিটার দক্ষিণের শহর এপসমে থাকি। ২০২০ সালের লকডাউনের সময় আমি নিজের এলাকায় হাঁটাহাঁটি শুরু করি। তখন তো করার মত তেমন কিছু ছিলো না। তেমনি এক হাঁটার সময় একটি প্রজাপতি আমার সামনে এসে বসে। একটি ব্ল্যাক হেয়ারস্ট্রিক দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম।”
‘বাটারফ্লাই কনজারভেশন’ জানিয়েছে, ২০০২ সাল থেকে বাসস্থানের সংকটের কারণে যুক্তরাজ্যে এই প্রজাতির তেত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে। টিলি যখন স্থানীয়দের এই কথা বলেন, তখন এলাকাবাসীর ধারণা ছিল, হয়তো নিয়মবহির্ভূতভাবে কেউ একবারের জন্য প্রকৃতিতে ছেড়ে দিয়েছে। তিনি তখন সারে কাউন্টিতে এই প্রজাপতির প্রজাতি সম্পর্কে বিস্তারিত জানতে ‘বাটারফ্লাই কনজারভেশন’, স্থানীয় কাউন্সিল এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করেন। টিলি বলেন, এই প্রজাতিকে চোখে চোখে রাখা খুব কঠিন। ব্যাখ্যা করেন পরে, “এদের শুঁয়োপোকা দেখতে পাতার মতো, পিউপা বা গুটি দেখতে পাখির মলের মতো এবং পূর্ণাঙ্গ প্রজাপতিগুলো ঝুলে থাকে গাছের অনেক উঁচুতে।”

আমেরিকার কিছু বিশেষ প্রজাতির শুঁয়োপোকা ইউভি আলোর নিচে জ্বলজ্বল করে—এই তথ্যটি জানার পরই নতুন প্রজাপতির প্রজাতি আবিষ্কারে সাফল্য আসে।
গ্যারেথ টিলি ২০২২ সালের মে মাসে শুঁয়োপোকা অনুসন্ধানের জন্য একটি ইউভি টর্চ কেনেন। এই টর্চ ঠিকমত কাজ করবে কিনা সেটা নিয়ে তাঁর সন্দেহ ছিল। শেষ পর্যন্ত তিনি এক সন্ধ্যায় ৪৬টি শুঁয়োপোকা খুঁজে পেয়েছিলেন। একটি শুয়োপোকা খুঁজে পাওয়ার পর সেটা যখন অবিশ্বাস্য রকমের উজ্জ্বল আলো ছড়াচ্ছিল তিনি খুবই আনন্দ পেয়েছিলেন। কিন্তু শুঁয়োপোকার এই বিশেষ প্রজাতিটির আলো ছড়ানোর রহস্য এখনো অজানা।
“এই উজ্জ্বল আলো হয়তো তাদের শিকারী প্রাণীদের দূরে রাখতে সাহায্য করে। এমনও হতে পারে এর কোনো সরাসরি ভূমিকা নেই,” টিলি বলেন। তিনি আরো যুক্ত করেন, ২০২০ সালে লকডাউনের সময় তিনি নিজের এলাকা এপসমে একটি ‘ব্ল্যাক হেয়ারস্ট্রিক’ প্রজাপতি আবিষ্কার করেন। ‘বাটারফ্লাই কনজারভেশন’ জানিয়েছে, তারা এই আবিষ্কারের গুরুত্ব স্বীকার করে। এখন সারা দেশে হেয়ারস্ট্রিক প্রজাপতির জন্য ইউভি জরিপ কার্যক্রমের প্রচার করছে। সংস্থাটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের কনজার্ভেশন ম্যানেজার স্টিভেন লফটিং বলেন, টিলির এই কাজ যুক্তরাজ্যের প্রজাপতি সংরক্ষণে এক অনন্য অবদান রেখেছে।

তিনি আরও বলেন, “ইউভি জরিপ ব্যবহার করে আমরা অনেক বেশি সংখ্যায় হেয়ারস্ট্রিক প্রজাপতি খুঁজে পাচ্ছি এবং এটি স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার একটি নতুন ও মজার উপায়।” টিলি এখন প্রজাপতি খোঁজার এই নতুন পদ্ধতি অস্ট্রেলিয়াসহ অন্যান্য প্রজাতি সংরক্ষণে আগ্রহী সমমনাদের মধ্যে প্রচার করছেন।
সূত্র : বিবিসি


