আশি এবং নব্বই দশকে বাংলা নাটক ছিল সবার কাছে সমান জনপ্রিয়। বলা যেতে পারে একমাত্র বিনোদনের খোড়াক। পরিবারের সবাই মিলে টেলিভিশনের সামনে বসে নাটক দেখার সেই সংস্কৃতি এখন অনেকটাই বদলে গেছে। স্যাটেলাইট চ্যানেলের পাশাপাশি দর্শকের হাতে এসেছে ইউটিউব, ফেসবুক ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম। বিদেশি সিরিজ, ওয়েব কনটেন্ট এবং নানা ধরনের বিনোদনমাধ্যমের সঙ্গে প্রতিযোগিতায় পড়ে একসময় চাপে পড়ে যায় দেশীয় টেলিভিশন নাটক। কমে আসে দর্শকের আগ্রহ, সংকুচিত হয় বিজ্ঞাপনের বাজার, বাড়তে থাকে নির্মাণসংক্রান্ত অনিশ্চয়তা।

তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। নতুন গল্প, পরিচিত ও নতুন মুখের অভিনয়, মানসম্মত নির্মাণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারে বাংলাদেশের নাটক আবারও দর্শকের মনোযোগ আকর্ষণ করছে।
টেলিভিশন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলা নাটকের যাত্রা
বাংলাদেশের নাটকের দর্শকপ্রিয়তার সবচেয়ে বড় প্রমাণ এখন ইউটিউবের ভিউ। ২০২৬ সালের আগস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, একটি একক নাটকের প্রায় ৭ কোটি ৫০ লাখ ভিউ নিয়ে ইউটিউবে সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকায় শীর্ষে ছিল। অন্যদিকে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটিও প্রায় ৫ কোটি ৮০ লাখ ভিউ নিয়ে দর্শকপ্রিয়তার তালিকায় ছিল।
আরও পড়ুন: ‘সুখ পাখি’র নবম পর্বে ময়নার আলতা পরার আবদার
শুধু একক নাটক নয়, বর্তমান সময়ে ধারাবাহিক নাটকও সমান জনপ্রিয় এবং দর্শকের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। ‘দেনা পাওনা’ ‘এটা আমাদেরই গল্প’ ‘চাওয়া পাওয়া’ ‘ফিরে আসার গল্প’ ’সুখ পাখি’ এরকম বেশকিছু নাটকের নাম বলা যেতে পারে যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় শত কোটি বার দেখা হয়েছে বলে একটি পরিসংখ্যানে পাওয়া যায়। প্রতিটি পর্ব প্রকাশের পর দ্রুত বিপুলসংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাটি নাটকের বাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়।

ইউটিউব ভিউয়ে বাংলা নাটকের নতুন জনপ্রিয়তা
একসময় নাটক প্রচারের প্রধান মাধ্যম ছিল টেলিভিশন। বিটিভির পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর ঈদ আয়োজন, বিশেষ দিবসের নাটক এবং ধারাবাহিক নাটক দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করত। কিন্তু ইন্টারনেটের বিস্তারের সঙ্গে সঙ্গে সেই জায়গা দখল করতে শুরু করে ইউটিউব।
এখন আর দর্শককে নির্দিষ্ট সময়ে টেলিভিশনের সামনে বসে থাকতে হয় না। নিজের সুবিধামতো সময়ে, পছন্দের জায়গায় বসে নাটক দেখার সুযোগ তৈরি হয়েছে। শুধু দেশের দর্শক নয়, বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও নিয়মিত দেশীয় নাটক দেখছেন। ফলে নাটকের দর্শক এখন আর বাংলাদেশের ভৌগোলিক সীমানায় আটকে নেই।
আরও পড়ুন: ভাইরাল এক চীনা বিয়ের গল্প
প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাটক প্রচারের জন্য শতাধিক ইউটিউব চ্যানেল গড়ে উঠেছে। অনেক ক্ষেত্রে এসব চ্যানেল টেলিভিশন চ্যানেলের চেয়েও বেশি বাজেটে নাটক নির্মাণ করছে। এই পরিবর্তনের ফলে নাটক নির্মাণের অর্থনৈতিক কাঠামোতেও পরিবর্তন এসেছে। একটি নাটক টেলিভিশনে প্রচারের পর ইউটিউবে প্রকাশ করা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মেও বিক্রি হচ্ছে প্রচারস্বত্ব। অর্থাৎ একই নির্মাণের জন্য একাধিক বিপণন ও প্রচারের সুযোগ তৈরি হয়েছে।

তারকানির্ভরতা পেরিয়ে গল্প ও অভিনয়শিল্পীর নতুন সমীকরণ
বর্তমান সময়ে নাটকের জনপ্রিয়তা তৈরিতে অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি গল্প, নির্মাণশৈলী এবং প্রচারের কৌশল গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একসময় নির্দিষ্ট কয়েকজন তারকার ওপর নাটকের বাজার অনেকটাই নির্ভরশীল ছিল। এখন নতুন অভিনয়শিল্পীরাও নিজেদের জায়গা তৈরি করছেন।
নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির জুটি ইউটিউব নাটকে বড় দর্শকগোষ্ঠী তৈরি করেছে। অন্যদিকে অপূর্ব, আফরান নিশো, মোশাররফ করিম, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ, জোভান, খাইরুল বাশার অভিনয়শিল্পীদেরও নিজস্ব দর্শক রয়েছে।
পারিবারিক নাটকের হারানো জনপ্রিয়তা কি ফিরছে?
একসময় বাংলাদেশের টেলিভিশন নাটকের অন্যতম শক্তি ছিল পারিবারিক গল্প। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, সামাজিক সম্পর্ক, প্রেম, হাসি-কান্না, গ্রামীণ জীবন এবং নাগরিক সংকট নাটকে উঠে আসত। হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, আমজাদ হোসেন ও আতাউল হক চৌধুরীর মতো নির্মাতারা নাটককে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তুলেছিলেন।

কিন্তু সময়ের সঙ্গে সেই ধারায় পরিবর্তন এসেছে। কিছুদিন আগে দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে কয়েকজন নির্মাতা পারিবারিক নাটকের জনপ্রিয়তা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমসহ তাঁদের মতে, ইউটিউবের বিস্তার, দর্শকের রুচির পরিবর্তন এবং তারকাকেন্দ্রিক নির্মাণের প্রবণতায় পারিবারিক নাটকের জায়গা সংকুচিত হয়েছে। তবে ভালো গল্প ও চরিত্রনির্ভর নির্মাণের মাধ্যমে এই ধারাকে আবার ফিরিয়ে আনা সম্ভব বলেও তাঁরা মনে করেন। এবং কিছু কিছু ক্ষেত্রে সেটি সম্ভব হচ্ছে। যার প্রমান ‘দেনা পাওনা’ ‘এটা আমাদেরই গল্প’ ‘চাওয়া পাওয়া’ ‘ফিরে আসার গল্প’। শুধু ভিউ পাওয়ার জন্য নাটক নির্মাণ করলে সাময়িক জনপ্রিয়তা আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে দর্শকের আস্থা ধরে রাখা কঠিন। প্রয়োজন নতুন গল্প, বাস্তব জীবনের প্রতিফলন এবং শক্তিশালী চিত্রনাট্য।
আরও পড়ুন: ‘সুখ পাখি’র ষষ্ঠ পর্বে দিলারা জামান, আলিফ ও জান্নাতুল মাওয়া
ঈদকেন্দ্রিক নাটক থেকে বছরজুড়ে দর্শক ধরে রাখার চ্যালেঞ্জ
নাটকের বাজার দীর্ঘদিন ধরেই ছিল ঈদকেন্দ্রিক। দুই ঈদকে সামনে রেখে বিপুলসংখ্যক নাটক নির্মিত হয়। জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে বিশেষ আয়োজন করা হয়। বিজ্ঞাপনদাতারাও এ সময় নাটকে বিনিয়োগে আগ্রহী হন।

কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। ইউটিউবের কারণে সারা বছরই নাটক প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। দর্শকও শুধু ঈদের নাটকের জন্য অপেক্ষা করছেন না। নিয়মিত নতুন নাটক দেখছেন। সম্প্রতি ইউটিউব চ্যানেল রঙ্গিন চশমা থেকে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘সুখ পাখি” গ্রামীন প্রেক্ষাপটে নির্মিত এই নাটকটিও দর্শক মহলে ব্যপক সাাড়া ফেলেছে। যার ফলে নির্মাতাদের সামনে বছরজুড়ে দর্শক ধরে রাখার সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশের নাটকের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও গল্প। দেশের সাধারণ মানুষের জীবনযাপন, সামাজিক বাস্তবতা, পারিবারিক সম্পর্ক এবং হাসি-কান্নার গল্পের প্রতি দর্শকের আগ্রহ এখনো রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের কাছেও দেশীয় নাটকের আলাদা আবেদন রয়েছে। আমাদের এখন বেশ কিছু ভালো ও মেধাবী নির্মাতা তৈরি হচ্ছে। যাদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি। বাংলা নাটক।
আরও পড়ুন: কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন মেলা শুরু, সরাসরি দেখুন Feature 360-এ


