সারা দুনিয়া জুড়ে সামুদ্রিক জীববৈচিত্র্যের অন্যতম আবাসস্থল প্রবালপ্রাচীর আজ বিলুপ্তির মুখে। পানির তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, পানি দূষণ প্রভৃতির কারণে ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) এক মূল্যায়নে উঠে এসেছে এই তথ্য। এই পরিস্থিতি সামুদ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও উপকূলীয় মানুষের জীবন-জীবিকার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রবালপ্রাচীর কী?
প্রবালপ্রাচীর হলো সমুদ্রের তলদেশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীর বিশাল প্রাকৃতিক কাঠামো। হাজার হাজার বছর ধরে এসব কাঠামো গড়ে ওঠে। দেখতে গাছের মতো মনে হলেও প্রবাল প্রাচীর আসলে লক্ষ কোটি জীবন্ত প্রাণীর কলোনি। এসব কলোনির সাথে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী, মাছ ও শৈবালের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
প্রবালপ্রাচীরকে প্রায়ই ‘সমুদ্রের রেইনফরেস্ট’ বলা হয়। কারণ, অসংখ্য মাছ, কাঁকড়া, চিংড়ি, সামুদ্রিক কচ্ছপ, মলাস্ক এবং বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী প্রবালপ্রাচীরের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল।
আরও পড়ুন: বিলুপ্তির ঝুঁকিতে বিরল Assam Roofed Turtle এর টিকে থাকার লড়াই
সামুদ্রিক প্রাণীদের প্রায় এক-চতুর্থাংশ কোনো না কোনোভাবে এসব প্রবালপ্রাচীরের সঙ্গে সম্পর্কিত। ফলে প্রবাল প্রাচীর ধ্বংস হলে সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর ধ্বংসাত্ত্বক প্রভাব পড়তে পারে।
প্রবালপ্রাচীর উপকূলীয় অঞ্চলকেও সুরক্ষা প্রদান করে। এটি ঢেউয়ের শক্তি কমিয়ে দেয় ফলে ঝড়, জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় অবকাঠামো রক্ষা পায়। একই সঙ্গে মৎস্য আহরণ ও পর্যটনশিল্পের মাধ্যমে প্রবাল প্রাচীর অসংখ্য মানুষের আয়ের উৎস হিসেবে কাজ করে।

প্রবালপ্রাচীর কেন ঝুঁকির মুখে?
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) মূল্যায়ন অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা দুনিয়া জুড়ে প্রবালপ্রাচীরের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। এই গবেষণায় ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের ১২৭টি প্রবালপ্রাচীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
এই প্রতিবেদনে জাতিসংঘের জলবায়ুবিষয়ক বিশেষজ্ঞ প্যানেল মনে করছে, ২১০০ সালের মধ্যে প্রাক্-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা প্রায় ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আরও পড়ুন: সামুদ্রিক ঘাস: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক নীরব যোদ্ধা
সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে প্রবালের স্বাভাবিক জীবনপ্রক্রিয়াকে ব্যাহত হয়। এতে তাদের দেহে বসবাসকারী সহায়ক অণুবীক্ষণিক শৈবাল বের হয়ে যায়। এই শৈবাল প্রবালকে খাদ্য ও শক্তি সরবরাহ করে এবং প্রবালকে নানা ধরনের রং ধরে রাখতে সাহায্য করে।
শৈবাল হারানোর ফলে প্রবাল সাদা হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় কোরাল ব্লিচিং। দীর্ঘ সময় ধরে তাপমাত্রা বেশি থাকলে প্রবাল শেষ পর্যন্ত মারা যেতে পারে।

ধ্বংসের মুখে গ্রেট ব্যারিয়ার রিফ
অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রবালপ্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। প্রায় ২ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রবালপ্রাচীর সামুদ্রিক জীববৈচিত্র্যের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। এখানে শত শত প্রজাতীর প্রবাল, হাজার হাজার মাছ, বিভিন্ন প্রজাতির হাঙর, তিমি ও ডলফিনসহ অসংখ্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থল।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক কোরাল ব্লিচিং, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দূর্যোগের কারনে প্রবালপ্রাচীর মারাত্মক ক্ষতির শিকার হয়েছে।
আরও পড়ুন: ডাঙায় হাঁটে, গাছে চড়ে রহস্যময় ‘মাডস্কিপার’ মাছ
অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের (এআইএমএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২টি প্রবালপ্রাচীরের সর্বোচ্চ ৭২ শতাংশ পর্যন্ত প্রবালমৃত্যুর তথ্য পাওয়া গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রায় চার দশকের পর্যবেক্ষণের এটি ছিল সবচেয়ে ভয়াবহ ধ্বংসের তথ্য।
গবেষণায় দেখা গেছে অন্যান্য প্রবারে মধ্যে অ্যাক্রোপোরা (Acropora) প্রজাতির প্রবাল সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব
প্রাকৃতিক এল নিনোর প্রভাব এবং মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব একসঙ্গে যুক্ত হয়ে প্রবালপ্রাচীরের ওপর চাপ তীব্র চাপ সৃষ্টি করেছে। আগে প্রবালপ্রাচীর তার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কয়েক বছর সময় পেত, বর্তমানে এখন ঘন ঘন তাপপ্রবাহ ও ব্লিচিং এর ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ কমে যাচ্ছে।
প্রবালের বেঁচে থাকার জন্য পানির গুণগত মান বৃদ্ধি, সমুদ্রের পানির এসিডিটি, পানি দূষণ, অতিরিক্ত মাছ শকার, এবং উপকূলীয় উন্নয়ন কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জীবিকার ওপর প্রভাব
প্রবালপ্রাচীরের ধ্বংসের সঙ্গে যুক্ত রয়েছে দুনিয়া জুড়ে কেটি কোটি মানুষের খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক স্থিতিশীলতা।
বিশ্বের বহু উপকূলীয় জনগোষ্ঠী মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। প্রবাল প্রাচীরের ক্ষতি হলে মাছের প্রাপ্যতা কমে যেতে পারে এবং জেলেদের আয় ক্ষতিগ্রস্ত হতে পারে।
পর্যটনশিল্পের জন্যও প্রবালপ্রাচীর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাল বিবর্ণ হয়ে মারা গেলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং পর্যটননির্ভর ব্যবসা ক্ষতির মুখে পড়ে।
আরও পড়ুন: সেন্ট মার্টিন্সের বিস্ময়কর প্রাণী অয়েস্টারের না-বলা কথা
অন্যদিকে, প্রবালপ্রাচীর সমুদ্রের প্রবল শক্তিকে কমিয়ে উপকূলীয় অবকাঠামোকে সুরক্ষা দেয়। কাজেই প্রবাল প্রাচীর ক্ষতিগ্রস্ত হলে উপকূলীয় ক্ষয়, বন্যা ও ঝড়ের প্রভাব বাড়তে পারে।
বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্যও প্রবালপ্রাচীর সংরক্ষণের আন্তর্জাতিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের সামুদ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটন কার্যক্রম টিকিয়ে রাখতে দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব পর্যটন এবং সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সংকট মোকাবিলায় করণীয়
প্রবালপ্রাচীর রক্ষার গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে হবে। বৈশ্বিক উষ্ণায়ন কমাতে হবে।
সমুদ্রে প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। অপরিশোধিত পয়োনিষ্কাশন বন্ধ, মাছ ধরা নিয়ন্ত্রণ করা এবং সামুদ্রিক এলাকায় পর্যটন নিয়ন্ত্রণ করতে হবে।
আরও পড়ুন: মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে জানবার কথা
অনেক দেশ প্রবাল প্রতিস্থাপন বা পুনরুদ্ধার প্রকল্প হাতে নিয়েছে। এতে করে নতুন নতুন প্রবাল প্রাচীর গড়ে উঠছে। তবে ক্ষতির তুলনায় এই উদ্যোগ কিছুই নয়। সমুদ্রের তাপমাত্রা বাড়তে থাকলে এসব উদ্যোগের সাফল্যও সীমিত হয়ে পড়বে।
প্রবাল প্রাচীর রক্ষায় সরকার, বিজ্ঞানী, আন্তর্জাতিক সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী এবং বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এখনো সময় আছে
এখনো সব কিছু শেষ হয়ে যায়নি। আইইউসিএনের মূল্যায়নেও বলা হয়েছে, কিছু প্রবালপ্রাচীর তীব্র ব্লিচিং এর পরও উপযুক্ত পরিবেশ পেলে আবার বৃদ্ধি পেতে পারে।
তবে ঘন ঘন তাপপ্রবাহ ও অন্যান্য পরিবেশগত বিপর্যয় অব্যাহত থাকলে প্রবালপ্রাচীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হবে।
আরও পড়ুন: স্টিং রে: সমুদ্রতলের নীরব প্রহরী ও নীল অর্থনীতির অমূল্য সম্পদ
বিশ্বের প্রবালপ্রাচীরগুলোকে রক্ষা করা মানে এটি খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, উপকূলীয় সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার সঙ্গেও জড়িত।
অবশেষে
প্রবালপ্রাচীরের ওপর ক্রমবর্ধমান হুমকি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতির একটি উদাহরণ। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, কোরাল ব্লিচিং, এবং চরম আবহাওয়ার প্রভাবে এসব অনন্য বাস্তুতন্ত্র দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রেট ব্যারিয়ার রিফের সাম্প্রতিক ক্ষয়ক্ষতি এই সংকটের গভীরতা আরও স্পষ্ট করে তুলেছে।
তবে এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ রয়েছে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো, সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অবশিষ্ট প্রবালপ্রাচীরের একটি উল্লেখযোগ্য অংশকে রক্ষা করা সম্ভব হতে পারে।
প্রবালপ্রাচীরের ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমান বিশ্বের সিদ্ধান্ত ও কার্যক্রমের ওপর। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী কয়েক দশকে পৃথিবী হারাতে পারে তার অন্যতম মূল্যবান সামুদ্রিক সম্পদ, যার ক্ষতি শুধু প্রকৃতি নয়, মানবসমাজকেও দীর্ঘদিন বহন করতে হবে।
Source:
Australia’s Great Barrier Reef hit by record bleaching as oceans warm
Parts of Great Barrier Reef record highest coral deaths due to heat, storms


