স্বপ্ন-হতাশা-আক্ষেপের সাফ চ্যাম্পিয়নশিপ

Share post:

Date:

ঘরের মাঠে খেলা, গ্যালারিতে দর্শকদের উপচে পড়া সমর্থন। ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন থেমে গেল সেমিফাইনালে। পাকিস্তানের কাছে পরাজয়ের পর বাংলাদেশের ফুটবলের দীর্ঘদিনের সীমাবদ্ধতা ও পরিকল্পনার ঘাটতিকে আবারও সামনে নিয়ে এসেছে। প্রশ্ন উঠেছে, এত আয়োজন, এত প্রত্যাশা আর এত প্রতিশ্রুতির পরও কেন শিরোপার এত কাছে গিয়েও বারবার খালি হাতে ফিরতে হয় বাংলাদেশকে?

গোল করার পর বাংলাদেশ দলের উচ্ছাস
গোল করার পর বাংলাদেশ দলের উচ্ছাস, ছবি: thedailymorningglory

দুই দশকের অপেক্ষা, নতুন করে স্বপ্ন দেখা

২০০৩ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেটিই এখন পর্যন্ত দেশের ফুটবলের সর্বশেষ সাফ শিরোপা। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। একের পর এক ব্যর্থতায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন অনেক দর্শক।

তবে ২০২৫ সালের মার্চে হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে অভিষেকের পর ফুটবলকে ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়। হামজা-শমিতদের ঘিরে তৈরি হয় নতুন প্রত্যাশা।

আরও পড়ুন: ৭০ তম ব্যালন ডি’অর ও স্পেনের রাজত্ব

এরই মধ্যে ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ। ঘরের মাঠে খেলা, পরিচিত পরিবেশ এবং দর্শকদের সমর্থন—সব মিলিয়ে শিরোপা জয়ের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে! প্রয়োজন ছিল শুধু একটি সুসংগঠিত দল ও কার্যকর পরিকল্পনা।

হ্যাভিয়ের ক্যাবরেরার বিদায়ের পর দলের দায়িত্ব পান জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলি। দায়িত্ব নেওয়ার পর তিনিও সমর্থকদের আশাবাদী করে তোলেন।

গ্যালারিতে দুই দেশের সমর্থকগণ
গ্যালারিতে দুই দেশের সমর্থকগণ, ছবি: aljazeera

গ্রুপ পর্বে স্বস্তি, শ্রীলঙ্কার বিপক্ষে বিস্ময়

৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে সাফ অভিযান শুরু করে বাংলাদেশ। তবে জয় পেলেও দলের আক্রমণভাগের দুর্বলতা চোখে পড়ে। গোল করার জন্য নির্ভরযোগ্য একজন স্ট্রাইকারের অভাবও স্পষ্ট হয়ে ওঠে।

কিন্তু ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। হামজা, শমিত ও ফারহানদের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ ৪-০ গোলের বড় জয় পায়। মাঠের বোঝাপড়া, বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণের ধার—সবকিছুতেই ছিল আত্মবিশ্বাসের ছাপ।

আরও পড়ুন: ফুটবলঃ কিছু স্মৃতি, কিছু অনুভূতি

কিন্তু গ্রুপ পর্বের এই সাফল্যের পরই কি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল দল? বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে এগিয়ে থাকার পরও গুরুত্বপূর্ণ ফুটবলারদের দীর্ঘ সময় মাঠে রাখা নিয়ে কোচের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ে।

বরের দখল নিয়ে দুই দলের লড়াই
বরের দখল নিয়ে দুই দলের লড়াই, চবি: theopenpress

সেমিফাইনালে স্বপ্নভঙ্গ

১৪ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে কঠিন বলেছিলেন কোচ থমাস ডুলিও। ইউরোপের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন একাধিক ফুটবলার নিয়ে এবার শক্তিশালী দল গড়েছিল পাকিস্তান।

ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে পাল্টা আক্রমণের কৌশল নেয় তারা। অন্যদিকে বাংলাদেশ বলের নিয়ন্ত্রণ বেশি রাখলেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি। বাংলাদেশ বলের দখলে এগিয়ে ছিল ৬২ শতাংশ, পাকিস্তানের ছিল ৩৮ শতাংশ। কিন্তু গোলের সুযোগ তৈরিতে এগিয়ে ছিল পাকিস্তান। তাদের ১৩টি শটের বিপরীতে বাংলাদেশের শট ছিল মাত্র ৮টি।

বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকটি ভালো সেভ করেন। মনে হচ্ছিল, ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু ৮৬ মিনিটে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। গোলরক্ষক শ্রাবণের একটি ভুল থ্রো থেকে বল পেয়ে পাকিস্তানের আবদুল আরশাদ গোল করেন। সেই এক গোলেই শেষ হয়ে যায় বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন।

মাঝ মাঠে বলের দখল নিয়ে দুই দলের খেলোয়ারদের লড়াই
মাঝ মাঠে বলের দখল নিয়ে দুই দলের খেলোয়ারদের লড়াই, ছবি: footballer

থমাস ডুলির কৌশল নিয়ে প্রশ্ন

বাংলাদেশের বিদায়ের পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কোচ থমাস ডুলির পরিকল্পনা নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলা দলটি পাকিস্তানের বিপক্ষে কেন এতটা নিষ্প্রভ হয়ে পড়ল, তার ব্যাখ্যা খুঁজছেন সমর্থকেরা।

পাকিস্তান রক্ষণাত্মক কৌশলে খেলবে, সেটি অনুমান করা কঠিন ছিল না। কিন্তু সেই রক্ষণ ভাঙতে বাংলাদেশের আক্রমণভাগ কার্যকর কোনো পরিকল্পনা দেখাতে পারেনি। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি হলেও শেষ মুহূর্তে সেগুলো কাজে লাগানোর মতো ধারাবাহিকতা ছিল না।

আরও পড়ুন: বিশ্বকাপে ইংল্যান্ডের আমলনামা ১৯৬৬

এ ছাড়া গোল করার জন্য একজন নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাবও প্রকট হয়ে ওঠে। ভুটান ম্যাচে বিশ্বনাথ ঘোষকে আক্রমণভাগে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল। দলে মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন, ফাহিম ও ফারহানের মতো আক্রমণভাগের খেলোয়াড় থাকা সত্ত্বেও গোল করার দায়িত্ব কীভাবে বণ্টন করা হবে, সেই পরিকল্পনায় আরও স্পষ্টতা প্রয়োজন ছিল।

বদলি খেলোয়াড় নামানোর সময় নিয়েও সমালোচনা হয়েছে। বিশেষ করে ম্যাচের শেষ দিকে গোল হজমের পর দ্রুত আক্রমণভাগে পরিবর্তন আনার সুযোগ থাকলেও তা যথেষ্ট কার্যকর হয়নি। ফলে কোচের বিকল্প পরিকল্পনা বা প্ল্যান-বি নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে পুরো ব্যর্থতার দায় শুধু কোচের ওপর চাপিয়ে দেওয়াও ঠিক হবে না। খেলোয়াড়দের ব্যক্তিগত ভুল, আক্রমণভাগের সীমাবদ্ধতা এবং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতাও এই পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।

প্রশ্ন থেকেই যায়, সঠিক পথে কি বাংলাদেশের ফুটবল?

১৭ নভেম্বরের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয়েছে সেমিফাইনালে ওঠার সাফল্য নিয়ে।

এবারের সাফ বাংলাদেশের জন্য যেমন সম্ভাবনার দরজা খুলেছে, তেমনি বেশ কিছু দুর্বলতাও সামনে এনেছে। হামজা, শমিত কিংবা ফারহানদের মতো ফুটবলার দলে যুক্ত হওয়া নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু কয়েকজন প্রবাসী ফুটবলারের উপস্থিতিই জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নতির নিশ্চয়তা দিতে পারে না।

প্রয়োজন শক্তিশালী ঘরোয়া ফুটবল, বয়সভিত্তিক দলগুলোর নিয়মিত পরিচর্যা, দক্ষ কোচ তৈরি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। একই সঙ্গে প্রতিটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে প্রস্তুতি ও খেলোয়াড় নির্বাচনে পেশাদারত্ব নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা শুধু একটি ভালো ম্যাচ দেখতে চান না; তাঁরা চান ধারাবাহিক সাফল্য। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয় তাঁদের সেই স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু পাকিস্তানের কাছে পরাজয় আবারও মনে করিয়ে দিয়েছে, স্বপ্ন দেখানো আর সেই স্বপ্ন বাস্তবায়ন করা এক বিষয় নয়।

২০০৩ সালের পর সাফ শিরোপা অধরাই রয়ে গেল। ঘরের মাঠের এই আসরও যোগ হলো দীর্ঘ আক্ষেপের তালিকায়। এখন প্রশ্ন, পরবর্তী সাফে বাংলাদেশ কি শুধু নতুন স্বপ্ন দেখাবে, নাকি সেই স্বপ্ন পূরণের মতো একটি দলও তৈরি করতে পারবে?

আরও পড়ুন: মেসি আরেকবার…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাবস্ক্রাইব

spot_img

সম্পাদকের নির্বাচিত

আরও পড়ুন
আরও পড়ুন

সিলেট টেস্টে হৃদয়ের মহাকাব্য, তবু বাংলাদেশের ভাগ্যে সিরিজ হার

এক প্রান্তে উইকেটের পতন, অন্য প্রান্তে এক ব্যাটারের অবিচল লড়াই। সিলেট টেস্টে তাওহীদ হৃদয়ের ব্যাটে লেখা হলো বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় ইনিংস। কিন্তু ব্যক্তিগত এই অসাধারণ অর্জনও দলকে এনে দিতে পারল না কাঙ্ক্ষিত জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তাতে ১-০ ব্যবধানে সিরিজ হাতছাড়া হওয়ার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণও হয়ে উঠেছে কঠিন।

৭০ তম ব্যালন ডি’অর ও স্পেনের রাজত্ব

ফুটবলপ্রেমীদের উৎকণ্ঠার পারদ নামার পর কেটে গেছে বেশ কটি দিন। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে ৭০তম ব্যালন ডি'অরের ঘোষণা ও উন্মাদনা এখন অতীত হলেও রেশ এখনো আছে। লম্বা ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যারি কেইনের মুকুট অর্জন পাশাপাশি এবারের মঞ্চে স্পেনের অভাবনীয় আধিপত্য প্রমাণ করেছে, বিশ্ব ফুটবলের চালিকাশক্তি এই মুহূর্তে পুরোপুরি আইবেরিয়ান উপদ্বীপে।

ফুটবলঃ কিছু স্মৃতি, কিছু অনুভূতি

আশেপাশে ছিটে ছিটে থাকা তিনতলা কি চারতলা বা পাঁচ...

বিশ্বকাপে ইংল্যান্ডের আমলনামা ১৯৬৬

তেইশে জুলাই, ছেষট্টি- বুয়েনোস আইরেসের টিট্রো কোলোনের সবাই একত্রিত...