প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে পালিত হয় হ্যালোউইন উৎসব। মিষ্টি কুমড়া কেটে ভৌতিক আকৃতি দেওয়া, তার ভেতরে আলো জ্বালানো, ভূত-প্রেত-জম্বির পোশাক পরা, বাড়ি বাড়ি গিয়ে ক্যাণ্ডি সংগ্রহ করা এবং নানা ধরনের অদ্ভূত ভৌতিক সাজসজ্জার মধ্য দিয়ে পালিত হয় দিনটি।

বর্তমানে হ্যালোউইন উৎসব কেবল শিশুদের আনন্দের উৎসব নয়; এর সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ইউরোপীয় লোকবিশ্বাস, ধর্মীয় ঐতিহ্য, অভিবাসনের ইতিহাস এবং আধুনিক বাণিজ্যিক এক সুদীর্ঘ ইতিহাস।
কিন্তু কীভাবে একটি প্রাচীন ঋতুভিত্তিক ঐতিহ্যের লোকবিশ্বাস আধুনিক বিশ্বের অন্যতম জনপ্রিয় উৎসবে পরিণত হলো? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের জানতে হবে হ্যালোউইনের ইতিহাস। এই প্রবন্ধে আমরা সেটাই জানার চেষ্টা করবো।

হ্যালোউইন নামের উৎপত্তি
খ্রিষ্টীয় ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, ১ নভেম্বর পালিত হয় All Saints’ Day বা সকল সাধুদের দিবস। এর আগের দিন সন্ধ্যায় পালিত হয় All Hallows’ Eve । এখান থেকেই হ্যালোউইন শব্দটি এসেছে।
এভাবে অক্টোবরের শেষ দিন হ্যালোউইন উৎসব হিসেবে পালিত হয়। যার সাথে যুক্ত হয়েছে- মৃত্যু, আত্মাদের স্মরণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের সম্পর্ক।
তবে হ্যালোউইন উৎসব যে খৃষ্ট ধর্ম থেকে এসেছে, এমনটা নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাচীন ইউরোপীয় লোকবিশ্বাস। সেল্টিক জনগোষ্ঠী প্রায় ২০০০ বছর আগে এই উৎসব পালন করত।
আরও পড়ুন: নরসিংদীর পথে পথে
তারা বিশ্বাস করতো, এই রাতে মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে এবং জীবিতদের সঙ্গে সংযোগ স্থাপন করে।

ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপট
প্রাচীন সেল্টিকরা বছরকে দুই ভাগে ভাগ করত—গ্রীষ্ম ও শীত। সেল্টিক লোকবিশ্বাসে মনে করা হতো, এই সময় জীবিত মানুষের জগৎ ও অতিপ্রাকৃত জগতের মধ্যকার সীমারেখা দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে অতিপ্রাকৃত জগতের বাসিন্দারা বিশেষ করে ভূত, প্রেত, রাক্ষস-খোক্কস প্রভৃতি জীবিত মানুষের জগতে চলে আসতো।
তারা যেন মানুষের ক্ষতি করতে না পারে সেই জন্য তারা অগ্নিকুণ্ড জ্বালাত, পশু কোরবানি দিত এবং ভৌতিক পোশাক পরিধান করত, যেন আত্মারা ভৌতিক পোষাক পরা মানুষদের দেখে তাদেরই একজন মনে করে এবং বিভ্রান্ত হয়, এতে তারা যেন মানুষের ক্ষতি করতে না পারে।
প্রাচীন সেল্টিক উৎসব সামহেইন
প্রাচীন সেল্টিক উৎসব হলো সামহেইন। ধারনা করা হয় এখান থেকেই হ্যালোউইন উৎসব এসেছে। সেল্টিক জনগোষ্ঠী, বিশেষ করে আয়ারল্যান্ড ও ব্রিটেনের কিছু অঞ্চলের মানুষজন গ্রীষ্মের সমাপ্তি এবং শীতের শুরুর সময় এই উৎসব পালন করত।
সামহেইন ছিল ফসল কাটার মৌসুম শেষ হওয়া এবং শীতকাল শুরু হওয়ার সময়। প্রাচীন কৃষিনির্ভর সমাজে ঋতু পরিবর্তন মানুষের জীবনযাত্রা, খাদ্যসংস্থান ও জীবিকার ওপর ব্যাপক প্রভাব ফেলত। তাই এই সময়কালকে ঘিরে বিভিন্ন আচার অনুষ্ঠান ও সামাজিক আয়োজন গড়ে ওঠে।
তবে আধুনিক হ্যালোউইনের প্রতিটি রীতি নীতি যে সেল্টিক ঐতিহ্য থেকে এসেছে, তা নয়। সময়ের পরিবর্তনে অনেক নতুন নতুন আচার অনুষ্ঠান এখানে যুক্ত হয়েছে। তবে সামহেইনকে হ্যালোউইনের পটভূমির হিসেবে বিবেচনা করা যায়।
আরও পড়ুন: মহরমের ঐতিহ্য অনুসন্ধান : গবেষণা ও তথ্য
খ্রিষ্টধর্মের প্রভাব
ইউরোপে খ্রিষ্টধর্মের বিস্তারের সঙ্গে স্থানীয় লোক সংস্কৃতি এর সাথে যুক্ত হতে শুরু করে। মৃত ব্যক্তিদের স্মরণ, সাধুদের সম্মান জানানো এবং আত্মার শান্তির জন্য প্রার্থনার মতো ধর্মীয় রীতি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
খ্রিষ্টধর্মের ১ নভেম্বর All Saints’ Day এবং ২ নভেম্বর All Souls’ Day পালনের ধর্মীয় ঐতিহ্যের সাথে স্থানীয় লোককাহিনি এবং অতিপ্রাকৃত বিশ্বাস একে অপরের সঙ্গে মিশে যায়।
এর ফলে হ্যালোউইন এমন একটি উৎসবে পরিণত হয়, যার মধ্যে ধর্মীয় ইতিহাসের পাশাপাশি ভয়, মৃত্যু, রহস্য এবং লোকজ সংস্কৃতির উপাদানও যুক্ত হয়।

হ্যালোউইনের প্রতীক
হ্যালোউইনের সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত প্রতীক হলো জ্যাক-ও’-ল্যান্টার্ন (Jack-o’-lantern)। এটি সাধারণত একটি মিষ্টি কুমড়া খোদাই করে তৈরি করা হয়। কুমড়ার গায়ে চোখ, নাক ও মুখের আকৃতি কেটে ভেতরে রাখা হয় জলন্ত মোমবাতি।
তবে শুরুতে কুমড়ার ব্যবহার হতো না। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের পুরোনো লোকাচারে শালগমসহ অন্যান্য সবজি খোদাই করা হতো। পরবর্তিতে উত্তর আমেরিকায় কুমড়ার সহজলভ্যতার কারণে এটি জনপ্রিয় হয়ে ওঠে।
আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ের রথের মেলার ইতিহাস ও ঐতিহ্য অনুসন্ধান
জ্যাক-ও’-ল্যান্টার্নের সঙ্গে স্টিঞ্জি জ্যাক নামের একটি লোককাহিনির সম্পর্ক আছে। এই কাহিনিতে জ্যাক নামের এক ব্যক্তি মৃত্যুর পর পৃথিবী ও পরকালের মাঝামাঝি অবস্থায় আটকে পড়ে। তার পথ আলোকিত করার জন্য একটি খোদাই করা সবজির মধ্যে আগুন রাখা হয়।
এ ছাড়া ভূত, ডাইনি, কঙ্কাল, ভ্যাম্পায়ার ও জম্বি হ্যালোউইনের জনপ্রিয় প্রতীক। এসব চরিত্র মৃত্যু, ভয় এবং অজানা জগতের ধারণাকে উপস্থাপন করে। বর্তমানে অবশ্য এসব প্রতীক প্রধানত বিনোদন ও সাজসজ্জা ও উৎসবের অংশ।

ট্রিক-অর-ট্রিট
হ্যালোউইনের সবচেয়ে জনপ্রিয় প্রথা হলো Trick-or-treat। এদিন শিশুরা ভূত-প্রেত-জম্বিসহ বিভিন্ন ভৌতিক চরিত্রের পোশাক পরে প্রতিবেশীদের বাড়ি বাড়ি যায় এবং ক্যান্ডি সংগ্রহ করে। বিংশ শতাব্দীতে উত্তর আমেরিকায় এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
বর্তমানে ট্রিক-অর-ট্রিট শিশুদের আনন্দের একটি গুরুত্বপূর্ণ অংশ। সারা বছর ইউরোপের শিশুরা এই দিনটির অপেক্ষা করে থাকে।
আয়ারল্যান্ড থেকে বিশ্বজয়
আয়ারল্যান্ডের লোকজ উৎসব থেকে বর্তমানে হ্যালোউইন একটি বৈশ্বিক উৎসব। এর পেছনে অভিবাসনের ভূমিকা রয়েছে। বিশেষ করে উনিশ শতকে আইরিশ অভিবাসীরা উত্তর আমেরিকায় বসতি গড়ে তুলতে থাকে। এই সময় তারা সঙ্গে করে নিয়ে আসে নিজস্ব লোকজ ঐতিহ্য। পরবর্তিতে সেগুলো স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে হ্যালোউইন উৎসব হিসেবে আত্মপ্রকাশ করে।
আরও পড়ুন: মুঘল সাম্রাজ্যের তিন দার্শনিক গল্প
এর অনেক পরে যুক্তরাষ্ট্রে হ্যালোউইন একটি পারিবারিক ও সামাজিক উৎসবে পরিণত হয়। শিশুদের ভৌতিক পোশাক পরা, ক্যান্ডি সংগ্রহ, ঘর বাড়ি সাজানো এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
পরে চলচ্চিত্র, টেলিভিশন, বিজ্ঞাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে উৎসবটি বিশ্বের অন্যান্য দেশেও পরিচিতি লাভ করে।

হ্যালোউইন ও মৃতদের দিবস: এক নয়
মেক্সিকোর Día de los Muertos বা ‘মৃতদের দিবস’ নামে একটি উৎসব পালিত হয়। একই সময়ে হ্যালোউইন উৎসবও পালিত হয়। এ কারণে অনেকে এই দুটি উৎসবকে একই বলে মনে করেন। কিন্তু তাদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
মেক্সিকোর এই ঐতিহ্যে মৃত পরিবারের সদস্য ও প্রিয়জনদের স্মরণ করা হয়। তাঁদের ছবি, খাবার, ফুল এবং অন্যান্য স্মারক দিয়ে বিশেষ বেদি সাজানো হয়। উৎসবটির শিকড় আদিবাসী ঐতিহ্য ও ক্যাথলিক ধর্মীয় সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে।
অন্যদিকে আধুনিক হ্যালোউইনে ভৌতিক পোশাক, ক্যান্ডি সংগ্রহ এবং বিনোদনমূলক আয়োজন বিশেষ গুরুত্ব পায়। দুটি উৎসবেই মৃত্যু ও স্মরণের বিষয় রয়েছে, কিন্তু তাদের ঐতিহাসিক উৎস ও সাংস্কৃতিক অর্থ এক নয়।
আরও পড়ুন: নেপালের বর্ণিল গাই যাত্রা
আধুনিক হ্যালোউইন
বর্তমানে হ্যালোউইন একটি বড় বাণিজ্যিক উৎসব। পোশাক, মুখোশ, কুমড়া, মিষ্টি, সাজসজ্জার উপকরণ এবং ভৌতিক বিনোদনকেন্দ্রকে ঘিরে বিপুল ব্যবসা গড়ে উঠেছে।
তবে হ্যালোউইন নিয়ে বিতর্কও রয়েছে। কেউ কেউ ধর্মীয় কারণে উৎসবটি উদ্যাপন করতে চান না। আবার অনেকে মনে করেন, অতিরিক্ত বাণিজ্যিকীকরণের ফলে এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য আড়ালে পড়ে যাচ্ছে।
বাংলাদেশেও হ্যালোউইনের উৎসবের জনপ্রিয়তা বাড়ছে। তবে এটা এখনো উচ্চবিত্ত পরিবারগুলোর মধ্য সীমাবদ্ধ। যদিও এটি এখনো দেশের প্রধান উৎসবগুলোর অন্তর্ভুক্ত নয়।
উপসংহার
হ্যালোউইনের ইতিহাস কেবল ভূত, কুমড়া ও ভৌতিক পোশাকের গল্প নয়। এর পেছনে রয়েছে প্রাচীন সেল্টিক ঐতিহ্য, ইউরোপীয় লোকবিশ্বাস, খ্রিষ্টীয় ধর্মীয় সংস্কৃতি, অভিবাসন এবং আধুনিক বাণিজ্যিক বিশ্বের দীর্ঘ ইতিহাস।
একসময় ঋতু পরিবর্তন, মৃতদের স্মরণ এবং অতিপ্রাকৃত বিশ্বাসের সঙ্গে যুক্ত ঐতিহ্য আজ অনেকের কাছে আনন্দ, বিনোদন ও সামাজিক মিলনমেলার উপলক্ষ।
হ্যালোউইনের এই বিবর্তন দেখায়, সংস্কৃতি কখনো স্থির থাকে না। মানুষের বিশ্বাস, জীবনযাপন ও সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরোনো ঐতিহ্যও নতুন রূপ ধারণ করে।
সেই পরিবর্তনের মধ্য দিয়েই হ্যালোউইন প্রাচীন লোকজ উৎসবের সীমা ছাড়িয়ে আধুনিক বিশ্বের পরিচিত সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে।
আরও পড়ুন: নটর ডেম কলেজ ও ফাদার হ্যারিংটন ভবন


