সৃষ্টির নেশায়… জীবনের চলমান চিত্র

Date:

সৃষ্টির নেশায় আমরা এই প্রত্যয় নিয়ে প্রায় ১৫ বছর ধরে সংস্কৃতি চর্চার বন্ধুর পথ ধরে পথ চলছে দৃশ্যছায়া। যেখানে সিংহভাগেরই প্রবণতা রাজধানীর বুকে গিয়ে নিজেদের জায়গা করে নেওয়ার, সেখানে নীরব ধ্যানীর মতো চট্টগ্রাম শহরকে স্বাধীন সিনেমার শহর বানানোর একটা পাগলাটে স্বপ্ন নিয়ে স্বাধীন সিনেমা চর্চা করছে দৃশ্যছায়া। নতুন চলচ্চিত্র কর্মী সৃজন, আনকোরা আগ্রহী মানুষদের সাথে নিয়ে প্রোডাকশন তৈরি, অনিয়মিত হলেও চলচ্চিত্র উৎসব আয়োজন, সিনে লিটল ম্যাগ সুতরাং প্রকাশ, অনিয়মিত প্রকাশনা ছায়াপথ, সিনে বুলেটিন সত্য সন্দেশ প্রকাশ করা দৃশ্যছায়ার সৃজনশীল কিছু উদ্যোগ। এছাড়াও তরুণ নির্মাতাদের কাজ দেখানোর সুযোগ করে দিতে মুক্তধারা ছায়াচিত্র উৎসব, ভাই ব্রাদারস সিনে শো, জীবনের চলমান চিত্র,
ক-খ-গ-ঘ-ঙ শর্ট ফিল্ম সেশন নামে স্ক্রিনিং আয়োজন মোটামুটি নিয়মিত ভাবেই আয়োজন করে থাকে দৃশ্যছায়া। নিয়মিত ভাবে জাতীয় চলচ্চিত্র দিবস এবং বিশ্ব চলচ্চিত্র প্রদর্শন দিবস উদযাপন করে থাকে দৃশ্যছায়া।

প্রতি বছর রোজার সময় সেভাবে সাংস্কৃতিক আয়োজন চোখে পড়ে না। এই সময়টা সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম বলতে ইফতার আয়োজনেই সীমাবদ্ধ থাকে বেশির ভাগ ক্ষেত্রে। কিন্তু দৃশ্যছায়া বিগত কয়েক বছর ধরেই একটি ব্যাতিক্রমী চলচ্চিত্র নিয়ে ঘরোয়া আয়োজন উপহার দিচ্ছে জীবনের চলমান চিত্র নামের শর্ট ফিল্ম স্ক্রিনিং সেশনের মাধ্যমে। শর্ট ফিল্ম প্রদর্শন শেষে উপস্থিত দর্শকদের সাথে দৃশ্যছায়া পরিবার একসাথে ইফতার করে থাকে। উপস্থিত দর্শকদের মধ্যে চট্টগ্রামের সংস্কৃতি পাড়ার অনেক পরিচিত মুখকে দেখা যায়।
এই বছর, দুই হাজার ছাব্বিশের চৌদ্দই মার্চ অনুষ্ঠিত হওয়া এই জীবনের চলমান চিত্র উৎসবে দৃশ্যছায়ার ইউটিউব সিরিজ ফ্ল্যাট স্টোরিজ এবং নির্মাণাধীন সিনেমা উখিনু এর ঝলক দেখা গেছে, প্রদর্শিত শর্ট ফিল্মগুলোর ফাঁকে ফাঁকে। অনেকটা র অবস্থায় দেখানো হলেও গান, টিজার, ট্রেলারের ঝলক উপস্থিত দর্শকদের জন্য বেশ চমকপ্রদ অভিজ্ঞতা ছিল বলা যায়। শেষের দিকে দর্শকদের কাছ থেকে ফিডব্যাকগুলো ক্যামেরাবন্দী করে নেন দৃশ্যছায়ার চৌকস নেপথ্যকর্মী বাহিনী।

একে একে এই দিনের শর্ট ফিল্ম প্রদর্শনীতে দেখানো হয় রিদুয়ানুল আজিম সুজন নির্মিত অ্যানিমেশন শর্ট ফিল্ম রোমিও এন্ড জুলিয়েট; মারসেলিন কুইয়াহ নির্মিত শর্ট ফিল্ম মিস্টার এন্ড মিসেস; আক্কাস হাবিব নির্মিত এনিমেশন শর্ট ফিল্ম ব্লাইন্ডফোল্ড; মাসউদুর রহমান নির্মিত শর্ট ফিল্ম অলাতচক্র ২২; শেখ আরাফাতুর রহমান নির্মিত শর্ট ফিল্ম বিবর্তন।
এছাড়া দৃশ্যছায়ার আনকোরাদের নির্মাণে আগ্রহী করতে নতুন পদক্ষেপ উইকলি কনটেন্ট মেকিং উদ্যোগ মোমেন্টস অফ লাইফ এর আন্ডারে নির্মিত বিতাড়িত; গুমোট; শ্লেষ (আলী অয়ন নির্মিত), ফ্রম লাইফ (মুজিবুর রহমান নির্মিত) শর্ট ফিকশনগুলোতে আসলেই যেন চলমান সময়ের গল্প উঠে এসেছে। জীবনের টুকরা মুহূর্তগুলো নবীন নির্মাতারা সহজ ভঙ্গিমায় তুলে ধরার চেষ্টা করেছেন।

সিরিয়াস টাইপের শর্ট ফিল্মগুলোর ফাঁকে ফাঁকে দেখানো সিনেমার গানগুলো দর্শকদের অন্যরকম একটা তৃপ্তি দিয়েছে বলা যায়। বিশেষ করে প্রয়াত গুণী বহুমাত্রিক শিল্পী শান্তুনু বিশ্বাসের গানগুলো সিনেমার মাধ্যমে আরও বিস্তৃত ভাবে ছড়িয়ে পড়বে এই আশাবাদ প্রকাশ পায় আয়োজক দৃশ্যছায়ার কর্ণধার ইফতেখার আহমদ সায়মনের কণ্ঠে। তার কাহিনী, চিত্রনাট্য (যৌথ) ও পরিচালনায় দৃশ্যছায়া নির্মাণ করেছে তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য ফিচার সিনেমা উখিনু। আশা করা হচ্ছে সিনেমাটি এই বছর মুক্তি পাবে। জমজমাট স্ক্রিনিং সেশন শেষ করার পর দৃশ্যছায়া পরিবার আগত দর্শকদের সাথে ইফতার করার ফাঁকে তাদের নতুন কিছু ফিল্মের কর্ম পরিকল্পনা শেয়ার করে।

দৃশ্যছায়ার অগ্রযাত্রা অব্যাহত থাকবে, আমরা এই প্রত্যাশাই করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

সাবস্ক্রাইব

সম্পাদকের নির্বাচিত

আরও পড়ুন
আরও পড়ুন

পয়লা বৈশাখ  বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস

বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতিতে কিভাবে এলো তা জানতে হলে...

শুভ নববর্ষ

দি প্যারিস রিভিউতে প্রকাশিত “হ্যাপি নিউ ইয়ার” থেকে লেখা: লরি...

প্রাণের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র

১.শক্তিকে জাগাতে গেলে ভক্তিকে জাগাতে হবে।নিজেকে বাঁচাতে গেলে ইষ্ট...