গাই ফকস: ষড়যন্ত্রকারীর মুখ থেকে প্রতিবাদের প্রতীক

Share post:

Date:

সোশ্যাল মিডিয়ায় আমরা একটা মুখোশের সাথে সবাই পরিচিত। দূর্ধষ হ্যাকার কিংবা ভয়ংকর অপরাধী অথবা সরকারি বিরোধী কোনো প্রতিবাদকারী নিজের পরিচয় আড়াল করার জন্য একটি কমন মুখোশ ব্যবহার করেন। আপনি কি কখনো চিন্তা করেছেন, এই মুখোমটি কার? কে সেই ব্যক্তি? সাদা মুখ, গোলাপি গাল, সরু গোঁফ, থুতনিতে সূক্ষ্ম দাড়ি আর রহস্যময় হাসি—এই মুখোশের নাম গাই ফকস মাস্ক।

চার শতাব্দী আগে এই মানুষটি ব্রিটিশ পার্লামেন্ট উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। আজ তাঁর মুখই বিশ্বের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় ক্ষমতা, বৈষম্য ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম পরিচিত প্রতীক।

ইতিহাসের কী অদ্ভুত পরিহাস! একসময় যে মানুষটিকে রাষ্ট্রের চোখে ভয়ংকর অপরাধী হিসেবে দেখা হয়েছিল, তাঁর মুখই আজ প্রতিবাদী মানুষের পরিচয় হয়ে উঠেছে।

গাই ফকস এর প্রকৃত ছবি
গাই ফকস এর প্রকৃত ছবি, independent

গাই ফকস কে ছিলেন?

গাই ফকস (Guy Fawkes) জন্মগ্রহণ করেন ১৫৭০ সালে ইংল্যান্ডের ইয়র্ক শহরে। গাই ফকস ছিলেন ক্যাথলিক খৃষ্টান। সেই সময় ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক বিরোধ প্রচন্ড তীব্র ছিল। ক্যাথলিকদের ধর্মীয় স্বাধীনতা সীমিত ছিল। তারা ছিলো সমাজে নিগৃহীত ও নির্যাতিত।

তরুণ বয়সে গাই ফকস স্পেনের সেনাবাহিনীতে যোগ দেন এবং নেদারল্যান্ডসে যুদ্ধ করেন। তখন তিনি সামরিক বিস্ফোরক ব্যবহারে অভিজ্ঞ হয়ে ওঠেন। এই অভিজ্ঞতাই তাঁকে ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে আলোচিত ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করে।

১৬০৫ সালের গানপাউডার ষড়যন্ত্র

১৬০৫ সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস ক্যাথলিকদের ওপর ব্যাপক নির্যাতন চালাতে থাকেন। তখন ক্যাতলিকরা অতিষ্ঠ হয়ে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করে। তাদের লক্ষ্য ছিল পার্লামেন্টে রাজা, রাজপরিবারের সদস্য এবং পার্লামেন্ট সদস্যদের হত্যা করে ইংল্যান্ডে ক্যাথলিক শাসন প্রতিষ্ঠা করা।

এই পরিকল্পনা ইতিহাসে ‘গানপাউডার প্লট’ (Gunpowder Plot) নামে পরিচিত।

ষড়যন্ত্রকারীরা কৌশলে ওয়েস্টমিনস্টার প্রাসাদের হাউস অব লর্ডসের নিচে একটি কক্ষে ৩৬ ব্যারেল গানপাউডার মজুত করে। পার্লামেন্টের অধিবেশন চলাকালে এসব ব্যারেলে বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে হত্যার উদ্দেশ্যে ছিলো বিদ্রোহীদের।

আরও পড়ুন: দেশে দেশে জেন জি প্রজন্ম কেন বিদ্রোহ করছে?

ব্যারেলে বিস্ফোড়ন ঘটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল গাই ফকসকে। সামরিক অভিজ্ঞতা ও বিস্ফোরক ব্যবহারের অভিজ্ঞতার কারণে তাঁকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এই পরিকল্পনা সফল হয়নি।

কোনো এক ব্যক্তি বিদ্রোহের সব কিছু ফাঁস করে দিয়ে একটি বেনামি চিঠি পাঠান। চিঠির সূত্র ধরে ১৬০৫ সালের ৪ নভেম্বর রাতে পার্লামেন্টে তল্লাশি চালানো হয়। এই সময় গানপাউডারের ব্যারেলসহ গাই ফকসকে আটক করা হয়।

বিস্ফোড়কের পাহারা দিচ্ছেন গাই ফকস
বিস্ফোড়কের পাহারা দিচ্ছেন গাই ফকস, mirror

কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল?

গ্রেপ্তারের পর ফকসকে প্রচন্ড নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করা হয়। শুরুতে তিনি কিছুই বলতে চাননি তবে নির্যাতনের মুখে তিনি ভেঙে পড়েন এবং ষড়যন্ত্রকারীদের পরিচয় ও পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

১৬০৬ সালের ২৭ জানুয়ারি গাই ফকস ও তাঁর জীবিত সহযোগীদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার করা হয়। আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হন। ৩১ জানুয়ারি ফকসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আরও পড়ুন: শ্রমিকের ন্যায়্য মজুরি, আর কতদূর?

তৎকালীন ইংল্যান্ডে রাষ্ট্রদ্রোহের অপরাধে ভয়াবহ শাস্তি হিসেবে ‘Hanged, Drawn and Quartered’ পদ্ধতি প্রচলিত ছিল। এই পদ্ধতিতে দণ্ডিত ব্যক্তিকে ফাঁসি দেওয়ার পর দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করা হতো।

ফকসের মৃত্যুর পরও তাঁর নাম ইতিহাস থেকে হারিয়ে যায়নি। বরং প্রতিবছর ৫ নভেম্বর ব্রিটেনে ‘গাই ফকস নাইট’ বা ‘বনফায়ার নাইট’ পালনের ঐতিহ্য গড়ে ওঠে। এদিন আতশবাজি পোড়ানো এবং ফকসের কুশপুত্তলিকা আগুনে পোড়ানোর প্রচলন ছিল।

গাই ফকসের বিখ্যাত মুখোশ
গাই ফকসের বিখ্যাত মুখোশ, যা বিশ্বজুড়ে প্রতিবাদের প্রতিক, ছবি: turbosquid

মুখোশের জন্ম: V for Vendetta

গাই ফকসকে আরও বিখ্যাত হয়ে ওঠে অ্যালান মুরের বিখ্যাত গ্রাফিক নোভেল V for Vendetta এর মাধ্যমে। অ্যালান মুরের লেখা এবং ডেভিড লয়েডের আঁকা এই গ্রাফিক নভেল প্রকাশিত হয় ১৯৮০-এর দশকে। এই বই এর প্রচ্ছদের ব্যবহার করা হয় গাই ফকসের মুখ।

এই গল্পের পটভূমিতে ছিলো একটি কাল্পনিক স্বৈরশাসিত ব্রিটেন। সেখানে ‘V’ নামের রহস্যময় এক চরিত্র স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই শুরু করে। তার মুখে থাকে গাই ফকসের আদলে তৈরি একটি মুখোশ।

আরও পড়ুন: গ্রেপ্তর-অবরোধ-বিক্ষোভে উত্তাল দিল্লী: মোদির জন্য অগ্নী পরীক্ষা

V for Vendetta চলচ্চিত্রটি ২০০৬ সালে আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার পর মুখোশটি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে। চলচ্চিত্রের গল্পে মুখোশটি হয়ে ওঠে ব্যক্তিস্বাধীনতা, রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ এবং বিপ্লবী চেতনার প্রতীক।

Anonymous ও বিশ্বজুড়ে প্রতিবাদ

২০০৮ সালে Anonymous নামের একটি হ্যাকার গোষ্ঠি গাই ফকসের মুখোশ ব্যবহার শুরু করে। ইন্টারনেটের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়ে তাদের আন্দোলনে এই মুখোশ গুরুত্বপূর্ণ পরিচয় হয়ে ওঠে।

মুখোশ ব্যবহারের দুটি উদ্দেশ্য ছিল—প্রথমত, আন্দোলনকারীদের ব্যক্তিগত পরিচয় গোপন রাখা; দ্বিতীয়ত, সম্মিলিত প্রতিবাদের একটি অভিন্ন প্রতীক তৈরি করা।

পরবর্তী সময়ে ২০১১ সালের Occupy Wall Street আন্দোলনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবাদে এই মুখোশ দেখা যায়। অর্থনৈতিক বৈষম্য, করপোরেট আধিপত্য, রাষ্ট্রীয় নজরদারি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আন্দোলনকারীরা এটি ব্যবহার করেন।

গাই ফকস এবং একজন প্রতিবাদকারী
গাই ফকস এবং একজন প্রতিবাদকারী, ছবি: abc news

কেন প্রতিবাদের প্রতীক হয়ে উঠল এই মুখোশ?

গাই ফকসের মুখোশ জনপ্রিয় হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে।

প্রথমত, এই মুখোশ প্রতিবাদকারীদের পরিচয় গোপন রাখতে সাহায্য করে।

আরও পড়ুন: হুথিদের বাব আল মান্দেব দখল বদলে যাবে যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির হিসাব

দ্বিতীয়ত, একই মুখোশ পরিহিত মানুষেরা ব্যক্তি পরিচয়ের ঊর্ধ্বে সম্মিলিত অবস্থান প্রকাশ করনে।

তৃতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মুখোশটি বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পেয়েছে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সময়ের সঙ্গে সঙ্গে প্রতীকটির অর্থ বদলে গেছে। একসময় এটি ছিল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত একজন ব্যক্তির পরিচয়। আধুনিক সময়ে এটি হয়ে উঠেছে বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।

ষড়যন্ত্রকারীদের সাথে গাই ফকস
ষড়যন্ত্রকারীদের সাথে গাই ফকস, ছবি: immediate

ইতিহাসের পরিহাস

গাই ফকস কি সত্যিই স্বাধীনতার নায়ক ছিলেন? ইতিহাসের বিচারে তিনি ছিলেন একটি সহিংস রাজনৈতিক ষড়যন্ত্রের অংশীদার। তাঁর পরিকল্পনা সফল হলে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটতে পারত। তাই তাঁকে নিঃশর্তভাবে স্বাধীনতার প্রতীক হিসেবে দেখার সুযোগ নেই।

কিন্তু ইতিহাসের প্রতীক সব সময় তার মূল ব্যক্তির পরিচয় বহন করে না। অনেক সময় সমাজ ও সংস্কৃতি পুরোনো কোনো চরিত্রকে নতুন অর্থে গ্রহণ করে। গাই ফকসের ক্ষেত্রেও ঘটেছে তেমনটি।

তাঁর মুখ আজ আর শুধু একজন ষড়যন্ত্রকারীর মুখ নয়; এটি হয়ে উঠেছে প্রতিবাদ, পরিচয়হীন সম্মিলিত শক্তি এবং ক্ষমতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রকাশের একটি মাধ্যম।

চার শতাব্দী আগে যে মানুষটি ব্রিটিশ পার্লামেন্ট উড়িয়ে দিতে চেয়েছিলেন, তাঁর মুখ আজ বিশ্বের নানা প্রান্তে রাষ্ট্র ও ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চে উপস্থিত।

ইতিহাসের এই পরিবর্তনই গাই ফকসের গল্পকে এতটা বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাবস্ক্রাইব

spot_img

সম্পাদকের নির্বাচিত

আরও পড়ুন
আরও পড়ুন

হ্যালোউইন উৎসব: সেল্টিক ঐতিহ্য থেকে আধুনিক উৎসব

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে পালিত হয় হ্যালোউইন উৎসব। মিষ্টি কুমড়া কেটে ভৌতিক আকৃতি দেওয়া, তার ভেতরে আলো জ্বালানো, ভূত-প্রেত-জম্বির পোশাক পরা, বাড়ি বাড়ি গিয়ে ক্যাণ্ডি সংগ্রহ করা এবং নানা ধরনের অদ্ভূত ভৌতিক সাজসজ্জার মধ্য দিয়ে পালিত হয় দিনটি।

দুর্গাপূজা: ধর্মীয় ঐতিহ্য থেকে সর্বজনীন উৎসব

দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর শরৎকালে দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজন করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাসে দেবী দুর্গা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক।

দুর্গা ও মহিষাসুরের যুদ্ধ: হিন্দু পুরানের পৌরাণিক কাহিনি

হিন্দু পুরাণের অন্যতম বিখ্যাত কাহিনি হলো দেবী দুর্গা ও...

নভেরার জন্য এলিজি

১৯৪৭ এ ধর্মের ভিত্তিতে ভারত-পাকিস্তান ভাগ হলেও পূর্বপাকিস্তানের ভাষা...