শ্রমিকের ন্যায়্য মজুরি, আর কতদূর?

Share post:

Date:

দেশের অর্থনীতির চাকা সচল রাখা, বৈদেশিক মুদ্রা আয় কিংবা নতুন কর্মসংস্থান, সবকিছুর নেপথ্যেই শ্রমিকদের অসামান্য অবদান। কিন্তু দুঃখের বিষয় হলো, দিনরাত পরিশ্রম করার পরও যে শ্রমিক তার সন্তানের পড়াশোনা, পরিবারের ভালো খাবার, বাসস্থান আর চিকিৎসার খরচ মেটাতে গিয়ে হিমশিম খায়, সেখানে এই ‘উন্নয়ন’ শব্দটা বড় অর্থহীন মনে হয়।

মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের রাজপথে নামাটা শুধু কিছু বাড়তি টাকার দাবি নয়; এটা তাদের সম্মানজনকভাবে বেঁচে থাকার আকুতি। শ্রমিকের রক্তের জল করা শ্রমে যদি মালিকের ব্যবসা বাড়ে, প্রতিষ্ঠানের মুনাফা বাড়ে, তবে সেই শ্রমের সঠিক মূল্য দেওয়াটাও রাষ্ট্র, মালিকপক্ষ ও সমাজের নৈতিক দায়িত্ব।

শ্রমিক বিক্ষোভের দিকে টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ
শ্রমিক বিক্ষোভের দিকে টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ, ছবি: ajkersottoprokash24

শ্রমিকদের দাবিটা কেন যৌক্তিক?

আকাশছোঁয়া জীবনযাত্রার খরচের সাথে আয়ের কোনো সামঞ্জস্য নেই। ২০২৩ সালে তৈরি পোশাকখাতের সর্বনিম্ন মজুরি ১২,৫০০ টাকা ঠিক করা হলেও, বর্তমান বাজারে টিকতে তারা ৩০,০০০ টাকা করার দাবি তুলছেন।

বাস্তবতা হলো, এই সামান্য আয়ে একজন শ্রমিককে পুরো পরিবারের দায়িত্ব সামলাতে হয়। চাল-ডাল, তেল-সবজি কেনা, বাসাভাড়া, বিদ্যুৎ বিল, যাতায়াত আর বাচ্চার স্কুলের খরচ মেটানোর পর তাদের হাতে কিছুই থাকে না।

মজুরি এমন হওয়া উচিত নয় যে একজন মানুষ স্রেফ কোনোমতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে; বরং তার এমন একটা আয় থাকা চাই, যেন পরিবার নিয়ে অন্তত মাথা উঁচু করে মানসম্মতভাবে বাঁচতে পারে।

বিক্ষোভরত শ্রমিকদের ওপর লাঠি চার্জ করছে পুলিশ
বিক্ষোভরত শ্রমিকদের ওপর লাঠি চার্জ করছে পুলিশ, ছবি: kalerkontho

শ্রমিকের জীবনযাত্রার মান:

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের যে সাফল্য, তার মূলে রয়েছে কোটি শ্রমিকের অমানসিক শ্রম। রপ্তানি আয় বৃদ্ধি ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে শ্রমিকরা দিনরাত কাজ করে চলছেন।

তবে এই অর্থনৈতিক অগ্রগতির মাঝেও শ্রমিকেরা যখন মৌলিক প্রয়োজন—যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা—মেটাতে ব্যর্থ হন, তখন উন্নয়নের আসল সুফল নিয়ে প্রশ্ন ওঠে।

সাম্প্রতিক সময়ে মজুরি বৃদ্ধির আন্দোলন শ্রমিকদের বেঁচে থাকার অধিকারের লড়াই। মালিকের মুনাফা বৃদ্ধি পেলে তার ভাগ শ্রমিকদের দেয়া মালিকদের দায়িত্বের মধ্যেই পড়ে।

আরও পড়ুন: ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশব্যাপী অসন্তোষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ও জীবনযাত্রার বাড়তি খরচের বিপরীতে ২০২৩ সালে নির্ধারিত ১২,৫০০ টাকার ন্যূনতম মজুরি অত্যন্ত অপ্রতুল। ফলে শ্রমিকেরা ৩০,০০০ টাকার যে দাবি করছেন, তা বর্তমান বাস্তবতায় অমূলক নয়।

একজন শ্রমিকের আয় কেবল তার ব্যক্তিগত খরচের জন্য নয়, পুরো পরিবারের বেঁচে থাকার অবলম্বন। তাই মজুরি এমন হতে হবে যেন তারা কেবল বেঁচে থাকার লড়াই না করে।

বিক্ষোভরত শ্রমিকদের ঘিরে রেখেছে পুলিশ
বিক্ষোভরত শ্রমিকদের ঘিরে রেখেছে পুলিশ, চবি: news24bd

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি

একজন শ্রমিকের মাসিক ব্যায় বিবেচনা করলে মজুরি বৃদ্ধির প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়। তাঁর আয়ের বড় অংশ চলে যায় খাবার ও বাসাভাড়ায়। এরপর রয়েছে যাতায়াত, চিকিৎসা, সন্তানের পড়াশোনা, পোশাক এবং অন্যান্য জরুরি খরচ। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে কিংবা হঠাৎ কোনো বিপদ দেখা দিলে সীমিত আয়ের কারণে শ্রমিককে ঋণ করতে হতে পারে।

মজুরি বৃদ্ধির বিষয়টি একটি শ্রমিক পরিবারের খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যতের সঙ্গেও সম্পর্কিত। প্রকৃত ব্যয়ের তথ্য সংগ্রহ করে এই খাতগুলোর জন্য প্রয়োজনীয় অর্থ নির্ধারণ করা হলে মজুরি নিয়ে আলোচনা আরও বাস্তবসম্মত হবে।

শ্রমিক পুলিশ সংঘর্স
শ্রমিক পুলিশ সংঘর্স, ছবি: SNAGBAD247

ন্যায্য মজুরির কি?

অনেকেই মনে করতে পারেন, মজুরি বাড়ালে ব্যবসার খরচ বেড়ে যাবে আর বিশ্ববাজারে আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব। এ আশঙ্কা একদম উড়িয়ে দেওয়া যায় না ঠিকই, তবে শ্রমিকের ন্যায্য পাওনা আর শিল্পের বিকাশ কিন্তু একে অপরের বিরোধী নয়।

আরও পড়ুন: গ্রেপ্তর-অবরোধ-বিক্ষোভে উত্তাল দিল্লী: মোদির জন্য অগ্নী পরীক্ষা

শ্রমিকের পকেটে টাকা থাকলে তার কেনার ক্ষমতা বাড়ে, যা আমাদের নিজেদের দেশের বাজারকেই চাঙ্গা করে। ঠিকমতো খাওয়া-পড়া, চিকিৎসা আর একটু বিশ্রামের সুযোগ পেলে শ্রমিকের কাজের মান ও গতি—দুটোই বাড়ে। এছাড়া ন্যায্য পাওনা নিশ্চিত করলে কারখানায় ঘন ঘন অসন্তোষ তৈরি হয় না, কাজের পরিবেশও শান্ত থাকে।

শ্রমিকের মজুরি কমিয়ে বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার চিন্তা না করে বরং কারখানার অপচয় কমানো, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা, শ্রমিকের দক্ষতা বাড়ানো আর বিদেশি ক্রেতাদের কাছ থেকে পণ্যের সঠিক দাম আদায় করার দিকে জোর দিতে হবে।

সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি
সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি, ছবি: sorejominbarta

শ্রমিক আন্দোলনের গুরুত্ব

নিজেদের অধিকার আদায়ে শ্রমিক আন্দোলনের এক ঐতিহাসিক ভূমিকা রয়েছে। শান্তিপূৰ্ণ উপায়ে দাবি তোলা, ট্রেড ইউনিয়নের কার্যকর ভূমিকা আর আলোচনার টেবিলই শ্রমিকদের কথা মালিক ও সরকারের কাছে পৌঁছে দেয়।

তবে আন্দোলনকে সফল করতে হলে সহিংসতা বা ভাঙচুরের পথ এড়িয়ে চলাই শ্রেয়; কারণ এতে শ্রমিক, কারখানা ও দেশ, সবারই ক্ষতি হয়। একইভাবে, শ্রমিকদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করা কিংবা তাদের ওপর অহেতুক মামলা-হয়রানি করাও কোনো সমাধান হতে পারে না।

বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতি বিবেচনা করে সরকারের উচিত একটি স্বচ্ছ মজুরি কাঠামো ঠিক করা। মালিকপক্ষের উচিত শ্রমিকদের সাথে খোলামেলা আলোচনা করা এবং বিদেশি ক্রেতাদের সাথে কথা বলে পণ্যের ন্যায্য দাম আদায় করা।

আরও পড়ুন: সৌদি আরবে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইয়েমেনের হুতিরা

শ্রমিকের হাসিই টেকসই উন্নয়ন

দেশের অর্থনৈতিক সাফল্য শুধু বড় বড় অঙ্কের রপ্তানি আয়, রিজার্ভ কিংবা সুবিশাল কারখানার সংখ্যা দিয়ে মাপা যায় না। আসল সাফল্য লুকিয়ে আছে শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশে, তার বাচ্চার স্কুলে যাওয়ার নিশ্চিন্ততায় আর দিনশেষে পরিবার নিয়ে একটু শান্তিতে বেঁচে থাকার মধ্যে।

শ্রমিককে ন্যায্য মজুরি দেওয়া কোনো করুণা বা দান নয়; এটা তার শ্রমের সঠিক স্বীকৃতি ও মানবেতর জীবন থেকে বাঁচার মৌলিক অধিকার।

তাই সরকার, মালিক ও শ্রমিক সংগঠন—সবাইকে একসঙ্গে বসে এমন একটি টেকসই মজুরি নির্ধারণ করতে হবে, যা শ্রমিককে সম্মান দেবে আর শিল্পকেও টিকিয়ে রাখবে। কারণ, যে শ্রমিকের হাড়ভাঙা খাটুনিতে দেশের অর্থনীতির চাকা ঘোরে, তার জীবনেই যদি স্বস্তি না থাকে, তবে সেই ‘উন্নয়ন’ দিয়ে আমরা কী করব?

প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন শুধু রপ্তানির পরিসংখ্যান বা অবকাঠামো দিয়ে পরিমাপ করা যায় না; বরং শ্রমজীবী মানুষের জীবনমানের পরিবর্তনই উন্নয়নের প্রকৃত মাপকাঠি। ন্যায্য মজুরি শ্রমিকের অধিকার, যা শিল্পের দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্যও অপরিহার্য। শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত না হলে জাতীয় অর্থনৈতিক অগ্রগতি অসম্পূর্ণ থেকে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাবস্ক্রাইব

spot_img

সম্পাদকের নির্বাচিত

আরও পড়ুন
আরও পড়ুন

‘সবার আগে বাংলাদেশ’ আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ৬ নভেম্বর

Creative Wings আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য তিনজন আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সাতজন আলোকচিত্রী পেয়েছেন বিশেষ স্বীকৃতি বা ‘স্পেশাল মেনশন’।

হানিমুনে ওমরাহ করতে গিয়ে নবদম্পতির মৃত্যুদণ্ড

নজরুল ইসলাম আব্দুল বাসিত এবং সিঁথি আক্তার বিয়ের পর...

গ্রেপ্তর-অবরোধ-বিক্ষোভে উত্তাল দিল্লী: মোদির জন্য অগ্নী পরীক্ষা

ককরোচ জনতা পার্টি আহবানে গড়ে ওঠা বিক্ষোভ প্রতিরোধ করতে পুরো শহরজুড়ে হাজার হাজার পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে (কেন্দ্রীয় ব্যবসা এলাকা) মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয় এবং বহু মেট্রো স্টেশন ও বাজার বন্ধ করে দেওয়া হয়।

কৃষিজাত খাদ্য ও কৃষিজাত পণ্য নিরাপত্তার জরুরি কর্মশালা ও সেমিনার

গতকাল, একুশে সেপ্টেম্বর সোমবার রাজধানীর গুলশানের এক পাঁচ তারা...