জলবায়ু সম্মেলন: শুনতে কি পাও বাংলাদেশের কান্না?

Share post:

Date:

যে দেশের কার্বন নিঃসরণ নগণ্য, সেই দেশই জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগীদের একটি। নদীভাঙনে হারাচ্ছে মানুষ ঘরবাড়ি, লবণাক্ততায় নষ্ট হচ্ছে ফসলি জমি, বাড়ছে ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের ঝুঁকি। অথচ বিশ্বনেতাদের প্রতিশ্রুতির শেষ নেই। তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ আবারও ন্যায্য অর্থায়নের দাবি তুলেছে। কিন্তু সেই দাবি কতটা পূরণ হচ্ছে? জলবায়ু বিপর্যয়ের মুখে বাংলাদেশ আসলে কী পাচ্ছে?

প্রতিবছর ঘটা করে বসে জাতিসংঘের জলবায়ু সম্মেলন। এবারে তুরস্কের আনাতালিয়াতে কপ-৩১ (COP31) সম্মেলনে বসেছিল বিশ্বনেতাদের হাট। অনেকেই লালগালিচায় হেঁটে ধরিত্রীকে বাঁচানোর লম্বা লম্বা বুলি আউড়েছেন। ক্যামেরার ফ্ল্যাশে দিয়েছেন নানা প্রতিশ্রুতি।

কিন্তু সম্মেলন শেষ হওয়ার পর সাধারণ মানুষের মনে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে, তা হলো—এই বিশাল কর্মযজ্ঞ কি নিছকই আনুষ্ঠানিকতা ও বাকসর্বস্ব কূটনৈতিক তামাশা, নাকি এর মাধ্যমে বাস্তবে পৃথিবী ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো কোনো সুরক্ষা পাচ্ছে?

তুরস্কে জলবায়ু সম্মেলনের একটি পোস্টার
তুরস্কে জলবায়ু সম্মেলনের একটি পোস্টার. ছবি: cloudfront

সিডরের ক্ষত আজও শুকায়নি

২০০৭ সালের ১৫ নভেম্বর। রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণাঞ্চলের উপকূলে শুরু হয় ভয়াবহ তাণ্ডব। প্রচণ্ড বাতাস আর বিশাল ঢেউয়ের আঘাতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় জনপদ। ভেসে যায় ঘরবাড়ি, গাছপালা ও গবাদিপশু। প্রাণ হারান হাজারো মানুষ।

সুপার সাইক্লোন সিডরের সেই ভয়াল রাত আজও উপকূলের মানুষের স্মৃতিতে দগদগে ক্ষত হয়ে আছে। সরকারি হিসাবে, সিডরের আঘাতে প্রাণ হারান ৩ হাজার ৩৬৩ জন। সেই দুর্যোগের পর প্রায় দুই দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের উপকূল এখনো নিরাপদ নয়।

আরও পড়ুন: ধেয়ে আসছে এল নিনো!

নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার কারণে প্রতিনিয়ত বাড়ছে মানুষের দুর্ভোগ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ২০২৫ সালের এক জরিপে জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে প্রায় ৫০ লাখ মানুষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয়েছেন। অর্থাৎ, তাঁরা ঘরবাড়ি ছেড়ে দেশের অন্য কোথাও আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

২০৫০ সালে আরও ভয়াবহ পরিস্থিতি?

বাংলাদেশের সামনে বড় হুমকিগুলোর একটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বিশ্বব্যাংকের বিভিন্ন গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪ শতাংশ ভূমি প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। এতে প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।

শুধু সমুদ্রের পানি নয়, তাপপ্রবাহও বড় বিপদ হয়ে উঠছে। ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণা অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ অতিরিক্ত তাপমাত্রার কারণে বাংলাদেশে প্রতি লাখ মানুষের মধ্যে বছরে আরও ২৪ জনের মৃত্যু হতে পারে।

আরও পড়ুন: বিলুপ্তির ঝুঁকিতে বিরল Assam Roofed Turtle এর টিকে থাকার লড়াই

অন্যদিকে, বায়ুদূষণও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশ্বব্যাংকের হিসাবে, বায়ুদূষণসহ পরিবেশগত বিভিন্ন কারণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকালমৃত্যু ঘটে। অর্থাৎ, জলবায়ু ও পরিবেশগত সংকট এখন শুধু প্রকৃতির সমস্যা নয়; এটি মানুষের জীবন, স্বাস্থ্য ও অর্থনীতির জন্য সরাসরি হুমকি।

তুরস্কে জলবায়ু সম্মেলনের বিশ্বনেতাদের ফটোসেশন
বিশ্বনেতাদের ফটোসেশন

ঋণ নয়, বাংলাদেশ চায় অনুদান

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে বড় বৈষম্য। শিল্পোন্নত দেশগুলো দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করেছে। অথচ বাংলাদেশের মতো দেশগুলোর অবদান তুলনামূলকভাবে খুবই সামান্য। তারপরও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় আঘাত সামলাতে হচ্ছে বাংলাদেশকে।

এ কারণে বাংলাদেশের দাবি স্পষ্ট—জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় নতুন করে ঋণের বোঝা চাপানো যাবে না। প্রয়োজন অনুদানভিত্তিক সহায়তা।

কপ-৩১ সম্মেলনকে ঘিরে বাংলাদেশের জন্য দুটি অর্থায়ন উদ্যোগের খবর এসেছে।

প্রথমত, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (CIF) ARISE কর্মসূচির আওতায় বাংলাদেশ সর্বোচ্চ ৩ কোটি মার্কিন ডলারের অর্থায়নের সুযোগ পেয়েছে। তবে এটি নিশ্চিত অনুদান নয়। প্রয়োজনীয় পরিকল্পনা ও অনুমোদনের পর অর্থায়ন চূড়ান্ত হবে।

আরও পড়ুন: সামুদ্রিক ঘাস: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক নীরব যোদ্ধা

দ্বিতীয়ত, গ্লোবাল শিল্ড অ্যাগেইনস্ট ক্লাইমেট রিস্কস কর্মসূচির আওতায় বাংলাদেশ প্রায় ৩ কোটি ইউরো অনুদান পাওয়ার কথা জানিয়েছে সরকার। দুর্যোগের ঝুঁকি মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সুরক্ষায় এ অর্থ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

তবে অর্থের অঙ্ক দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতি বিচার করা যায় না। এর পেছনে রয়েছে ঘর হারানো পরিবার, স্কুলছুট শিশু, জমি হারানো কৃষক ও জীবিকা হারানো জেলে। তাঁদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে না পারলে এসব অর্থায়নও শেষ পর্যন্ত কাগজের হিসাব হয়ে থাকবে।

জলবায়ু সম্মেলন COP 31এর একটি লোগো
জলবায়ু সম্মেলন COP 31এর একটি লোগো, ছবি: greenpeace

বাংলাদেশের অপ্রাপ্তির পাহাড়

বাংলাদেশের জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিপুল অর্থের প্রয়োজন। কিন্তু আন্তর্জাতিক সহায়তা সেই চাহিদার তুলনায় এখনো অপর্যাপ্ত। আবার অনেক ক্ষেত্রে অনুদানের বদলে ঋণ দেওয়া হয়। ফলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামলাতে গিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নতুন করে ঋণের বোঝা বহন করতে হয়।

এখানেই বাংলাদেশের মূল আপত্তি। যে সংকট তৈরিতে বাংলাদেশের ভূমিকা খুব সামান্য, সেই সংকট মোকাবিলায় কেন বাংলাদেশকে ঋণ নিতে হবে?

বাংলাদেশের দাবি শুধু অর্থের নয়, ন্যায্যতারও। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী দেশগুলোকে তাদের দায়িত্ব নিতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পর্যাপ্ত অনুদান, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

কপ সম্মেলন কি শুধুই আনুষ্ঠানিকতা?

প্রতিবছর হাজার হাজার প্রতিনিধি, রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী ও পরিবেশকর্মী অংশ নেন জাতিসংঘের জলবায়ু সম্মেলনে। চলে দীর্ঘ আলোচনা, দর-কষাকষি ও নানা প্রতিশ্রুতি। কিন্তু সম্মেলন শেষে সেসব সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই সবচেয়ে বড় প্রশ্ন।

সমালোচকদের মতে, কপ সম্মেলন অনেক সময় বড় বড় বক্তব্য ও কূটনৈতিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে। বিশ্বনেতারা কার্বন নিঃসরণ কমানোর কথা বলেন, জলবায়ু তহবিল গঠনের প্রতিশ্রুতি দেন; কিন্তু প্রতিশ্রুত অর্থ সময়মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর হাতে পৌঁছায় না। আবার সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর জবাবদিহিরও অভাব রয়েছে।

আরও পড়ুন: বিলুপ্তির মুখে বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর, দায়ী জলবায়ু পরিবর্তন

তবে কপ সম্মেলনের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। এই বৈশ্বিক মঞ্চ না থাকলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে নিজেদের দাবি তুলে ধরা আরও কঠিন হতো।

তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধীগণ
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধীগণ, ছবি: iklim

বাংলাদেশের কান্না কি শুনবে বিশ্ব?

তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন এখন শেষ পর্যায়ে। বাংলাদেশের জন্য কিছু ইতিবাচক অর্থায়নের খবর এসেছে। তবে এখনই একে বড় কোনো বিজয় বলার সুযোগ নেই। কারণ অর্থ পাওয়ার ঘোষণা আর সেই অর্থ বাস্তবে মানুষের কাজে লাগার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

বাংলাদেশের প্রয়োজন শুধু কয়েক কোটি ডলারের প্রকল্প নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি অর্থায়ন, উপকূল রক্ষা, নদীভাঙন প্রতিরোধ, নিরাপদ পানির ব্যবস্থা এবং বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে।

সম্মেলনের মঞ্চে বক্তৃতা দিয়ে পৃথিবীকে বাঁচানো যাবে না। দরকার প্রতিশ্রুতির বাস্তবায়ন, ন্যায্য অর্থায়ন ও কার্যকর পদক্ষেপ।

প্রশ্ন তাই থেকেই যায়—বিশ্বনেতারা কি বাংলাদেশের এই কান্না শুনতে পাচ্ছেন? নাকি পরবর্তী সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে হবে আরেকটি সিডর কিংবা আরও লাখো মানুষের বাস্তুচ্যুতির জন্য?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাবস্ক্রাইব

spot_img

সম্পাদকের নির্বাচিত

আরও পড়ুন
আরও পড়ুন

বিলুপ্তির মুখে বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর, দায়ী জলবায়ু পরিবর্তন

সারা দুনিয়া জুড়ে সামুদ্রিক জীববৈচিত্র্যের অন্যতম আবাসস্থল প্রবালপ্রাচীর আজ বিলুপ্তির মুখে। পানির তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, পানি দূষণ প্রভৃতির কারণে ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) এক মূল্যায়নে উঠে এসেছে এই তথ্য। এই পরিস্থিতি সামুদ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও উপকূলীয় মানুষের জীবন-জীবিকার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিলুপ্তির ঝুঁকিতে বিরল Assam Roofed Turtle এর টিকে থাকার লড়াই

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নদী ও ঝরনাগুলো জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার।...

সামুদ্রিক ঘাস: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক নীরব যোদ্ধা

পৃথিবীর ৭১ শতাংশজুড়ে থাকা মহাসাগর শুধু আমাদের জীবনধারণের জন্য...

ডাঙায় হাঁটে, গাছে চড়ে রহস্যময় ‘মাডস্কিপার’ মাছ

অনুলিখন: শরীফ সারওয়ার ​মাছ মানেই জলের গভীরে সাবলীল সাঁতার, ফুলকা...