একুশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চালিকাশক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। চিকিৎসাবিজ্ঞান, মহাকাশ গবেষণা থেকে শুরু করে দৈনন্দিন জীবন, প্রায় সর্বত্রই বাড়ছে এর ব্যবহার। কিন্তু এআইয়ের এই অভাবনীয় অগ্রগতির আড়ালে রয়েছে বিপুল বিদ্যুৎ ও পানির চাহিদা।
উন্নত এআই মডেল প্রশিক্ষণ এবং পরিচালনার জন্য প্রয়োজন হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ। পাশাপাশি ডেটা সেন্টারের সার্ভার ও প্রসেসর ঠান্ডা রাখতেও ব্যবহৃত হচ্ছে প্রচুর পানি। ফলে বিদ্যুৎ গ্রিড ও পানির সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) ২০২৬ সালের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে বিশ্বজুড়ে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ ব্যবহার প্রায় ৯৫০ টেরাওয়াট-ঘণ্টায় পৌঁছাতে পারে। এটি বিশ্বের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৩ শতাংশ।

একদিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা, অন্যদিকে এআইয়ের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা এখন বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে পৃথিবীর বাইরে সৌরশক্তি ব্যবহার করে এআই ডেটা সেন্টার স্থাপনের সম্ভাবনা অনুসন্ধান করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
এ ক্ষেত্রে আলোচনায় এসেছে গুগলের প্রজেক্ট সানক্যাচার। প্রকল্পটির লক্ষ্য সৌরশক্তিচালিত স্যাটেলাইটের নেটওয়ার্ক তৈরি করা, যেখানে বিশেষায়িত টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) ব্যবহার করে মহাকাশেই এআইয়ের গণনামূলক কাজ সম্পন্ন করা যাবে।
আরও পড়ুন: আর্টেমিস টু চন্দ্রাভিযান সম্পর্কে আমাদের যা জানা দরকার
২০২৬ সালের ১ অক্টোবর প্রকল্পটির পরীক্ষামূলক স্যাটেলাইট স্পেসএক্সের উৎক্ষেপণযানে করে কক্ষপথে পাঠানো হয়। প্রকল্পটির অংশীদার হিসেবে রয়েছে স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান প্ল্যানেট।
কিন্তু মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করে কি সত্যিই পৃথিবীর পরিবেশগত সংকট কমানো সম্ভব? নাকি এর মধ্যেই লুকিয়ে রয়েছে নতুন কোনো বিপদ?

মহাকাশে ডেটা সেন্টারের সম্ভাবনা
মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের সবচেয়ে বড় সুবিধা হতে পারে সৌরশক্তির সহজলভ্যতা। পৃথিবীতে সৌরবিদ্যুৎ উৎপাদন মেঘ, ধুলাবালি, বায়ুমণ্ডল এবং দিন-রাতের পরিবর্তনের ওপর নির্ভরশীল।
গুগলের গবেষণা অনুযায়ী, নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত সৌর প্যানেল পৃথিবীর পৃষ্ঠে ব্যবহৃত সৌর প্যানেলের তুলনায় সর্বোচ্চ আট গুণ পর্যন্ত বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। প্রজেক্ট সানক্যাচারের পরিকল্পনায় ছোট ছোট সৌরশক্তিচালিত স্যাটেলাইটকে একটি নেটওয়ার্কে যুক্ত করার কথা বলা হয়েছে।
এই প্রযুক্তি সফল হলে পৃথিবীর ডেটা সেন্টারের ওপর বিদ্যুতের চাপ কমতে পারে। এআইয়ের কিছু গণনামূলক কাজ মহাকাশে স্থানান্তর করা গেলে বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে পৃথিবীর ডেটা সেন্টারগুলোতে সার্ভার ঠান্ডা রাখতে যে বিপুল পরিমাণ পানি ব্যবহার করা হয়, তার প্রয়োজনও কিছুটা কমতে পারে।
এ ছাড়া এআইয়ের বিদ্যুৎ চাহিদার একটি অংশ মহাকাশে পূরণ করা সম্ভব হলে পৃথিবীতে বায়ু ও সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের সুযোগ বাড়তে পারে। তবে এসব সুবিধা এখনো সম্ভাবনার পর্যায়ে রয়েছে।

সম্ভাবনার আড়ালে পাঁচটি বড় চ্যালেঞ্জ
মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের ধারণা আকর্ষণীয় হলেও এর বাস্তবায়ন সহজ নয়। পরিবেশগত ও প্রযুক্তিগত বেশ কিছু বাধা রয়েছে।
প্রথমত, রকেট উৎক্ষেপণ ও পরিবেশদূষণ।
হাজার হাজার স্যাটেলাইট ও সৌর প্যানেল মহাকাশে পাঠাতে হলে বিপুলসংখ্যক রকেট উৎক্ষেপণ করতে হবে। রকেটের জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাই-অক্সাইডসহ বিভিন্ন দূষণকারী পদার্থ নির্গত হয়।
বিশেষ করে ব্ল্যাক কার্বন ও অ্যালুমিনিয়াম অক্সাইড জলবায়ু এবং ওজোন স্তরের ওপর প্রভাব ফেলতে পারে। ফলে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিবেশগত সুবিধা হিসাব করার সময় রকেট উৎক্ষেপণ থেকে শুরু করে স্যাটেলাইট নির্মাণ পর্যন্ত সব ধরনের নির্গমন বিবেচনায় নিতে হবে।
আরও পড়ুন: মঙ্গল গ্রহের দিকে সাইকির উড়ান
দ্বিতীয়ত, মহাজাগতিক বিকিরণের ঝুঁকি
পৃথিবীর বায়ুমণ্ডল ও চৌম্বকক্ষেত্র আমাদের ক্ষতিকর মহাজাগতিক বিকিরণের বড় অংশ থেকে রক্ষা করে। কিন্তু মহাকাশে থাকা স্যাটেলাইটগুলোকে বেশি বিকিরণের মুখোমুখি হতে হয়। উচ্চশক্তির কণা এআই প্রসেসরের মেমোরি ও সার্কিটে ত্রুটি তৈরি করতে পারে।
একে বলা হয় ‘সিঙ্গেল ইভেন্ট আপসেট’ (এসইইউ)। এতে গণনার ফল ভুল হতে পারে। বিকিরণ-সহনশীল চিপ ব্যবহার করে এ সমস্যা কমানো সম্ভব হলেও এতে স্যাটেলাইটের ওজন, ব্যয় ও নকশার জটিলতা বাড়ে।

তৃতীয়ত, তাপ নিয়ন্ত্রণ
মহাকাশ অত্যন্ত ঠান্ডা হলেও সেখানে বাতাস নেই। পৃথিবীতে ফ্যান বা পানির মাধ্যমে তাপ অপসারণ করা সম্ভব। কিন্তু মহাকাশে পরিচলন প্রক্রিয়ায় তাপ সরানো যায় না; মূলত বিকিরণের মাধ্যমে তাপ অপসারণ করতে হয়। এআই প্রসেসর প্রচুর তাপ উৎপন্ন করে।
গুগলের পরীক্ষামূলক স্যাটেলাইটে চারটি টিপিইউ ব্যবহারের কথা জানা গেছে। কিন্তু বড় আকারের ডেটা সেন্টার পরিচালনার জন্য বিশাল রেডিয়েটর ও উন্নত তাপ নিয়ন্ত্রণব্যবস্থা প্রয়োজন হবে। এটি প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল।
চতুর্থত, মহাকাশ বর্জ্য
পৃথিবীর নিম্ন কক্ষপথে ইতোমধ্যে অসংখ্য সক্রিয় ও নিষ্ক্রিয় স্যাটেলাইট এবং রকেটের ধ্বংসাবশেষ রয়েছে। নতুন করে হাজার হাজার স্যাটেলাইট যুক্ত হলে সংঘর্ষের ঝুঁকি বাড়তে পারে। সংঘর্ষের ফলে তৈরি ছোট ছোট টুকরো অন্য স্যাটেলাইটের ক্ষতি করতে পারে।
এভাবে ধারাবাহিক সংঘর্ষে মহাকাশ বর্জ্য বেড়ে যাওয়ার আশঙ্কাকে বলা হয় ‘কেসলার সিনড্রোম’। এর প্রভাব পড়তে পারে যোগাযোগ, নেভিগেশন ও আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থায়।
আরও পড়ুন: ধেয়ে আসছে এল নিনো!
পঞ্চমত, স্যাটেলাইট ধ্বংসের পরিবেশগত প্রভাব
পৃথিবীর ডেটা সেন্টারের যন্ত্রাংশ নষ্ট হলে সহজেই পরিবর্তন বা মেরামত করা যায়। কিন্তু মহাকাশে পাঠানো স্যাটেলাইট মেরামত করা অনেক কঠিন ও ব্যয়বহুল। মেয়াদ শেষে অনেক স্যাটেলাইট বায়ুমণ্ডলে ফিরিয়ে এনে ধ্বংস করা হয়। এ সময় স্যাটেলাইটের অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন ধাতব উপাদান বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়তে পারে।
২০২৫ সালে প্রকাশিত গবেষণায় এ ধরনের ধাতব কণার দীর্ঘমেয়াদি পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে এর প্রকৃত প্রভাব জানতে আরও গবেষণা প্রয়োজন।
নতুন সমাধান, নাকি নতুন সংকট?
গুগলের প্রজেক্ট সানক্যাচার প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে প্রকল্পটি বাস্তব পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। তবে একটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ আর মহাকাশে পূর্ণাঙ্গ ডেটা সেন্টার গড়ে তোলা এক বিষয় নয়।
এখনো প্রমাণ করতে হবে, মহাকাশে সৌরশক্তি ব্যবহার করে কতটা সাশ্রয়ী ও কার্যকরভাবে এআই পরিচালনা করা সম্ভব। একই সঙ্গে রকেট উৎক্ষেপণ, তাপ নিয়ন্ত্রণ, বিকিরণ প্রতিরোধ এবং মহাকাশ বর্জ্য ব্যবস্থাপনার পরিবেশগত ব্যয়ও বিবেচনায় নিতে হবে।
পৃথিবীর জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমাতে শুধু মহাকাশভিত্তিক ডেটা সেন্টারের ওপর নির্ভর করা বাস্তবসম্মত নয়। বরং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সঞ্চয়প্রযুক্তির উন্নয়ন, দক্ষ এআই প্রসেসর তৈরি এবং পানি সাশ্রয়ী শীতলীকরণব্যবস্থার ওপরও গুরুত্ব দিতে হবে।
প্রযুক্তির অগ্রগতি তখনই মানবজাতির জন্য কল্যাণকর হবে, যখন তা নতুন পরিবেশগত সংকট তৈরি না করে বিদ্যমান সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে। মহাকাশের সৌরশক্তি এআইয়ের ভবিষ্যৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে গিয়ে পৃথিবীর পরিবেশের ওপর নতুন বোঝা চাপানো যাবে না।
মহাকাশে এআই ডেটা সেন্টারের প্রকৃত সাফল্য নির্ভর করবে প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি পৃথিবীর পরিবেশ রক্ষায় এর বাস্তব অবদানের ওপর।
সায়েন্টিফিক আমেরিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের ফলোআপ
লেখক
বিজ্ঞান বক্তা; মহাবৃত্ত, সম্পাদক


