একটি জাতি কেবল তার বর্তমান দিয়ে গড়ে ওঠে না; তার অস্তিত্বের গভীরে প্রোথিত থাকে অতীতের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, প্রতিরোধ ও গৌরবের দীর্ঘ ইতিহাস। একটি জাতির বর্তমানকে বুঝতে হলে ফিরে তাকাতে হয় তার অতীতের দিকে, জানতে হয় সেই মানুষদের কথা, যাদের ত্যাগ ও সাহসে নির্মিত হয়েছে আজকের সমাজ ও রাষ্ট্র। প্রজন্মের পর প্রজন্ম সেই ইতিহাসকে ধারণ করে সামনে এগিয়ে যায়। ইতিহাসকে দৃশ্যমান ও জীবন্ত করে রাখার জন্য স্মৃতিস্তম্ভ, স্মারক, ফলক ও ভাস্কর্যের গুরুত্ব অপরিসীম। এসব স্থাপনা নিছক ইট-পাথর, ধাতু কিংবা কংক্রিটের নির্মাণ নয়; এগুলো একটি জাতির সম্মিলিত স্মৃতি, আত্মপরিচয় ও আত্মত্যাগের প্রতীক। একটি স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে মানুষ শুধু একটি স্থাপনা দেখে না, বরং দেখতে পায় তার পূর্বসূরিদের সংগ্রাম, সাহস ও আত্মত্যাগের প্রতিচ্ছবি। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এসব স্মারক অতীতের সঙ্গে বর্তমানের একটি দৃশ্যমান সেতুবন্ধন তৈরি করে। ইতিহাসের কঠিন সময়, মানুষের বেদনা এবং মুক্তির আকাঙ্ক্ষাকে তারা নতুন করে উপলব্ধি করার সুযোগ পায়। তাই একটি জাতির ইতিহাস সংরক্ষণে স্মৃতিস্তম্ভের ভূমিকা কেবল স্মরণে সীমাবদ্ধ নয়; এগুলো ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসের প্রতি দায়িত্বশীল, সচেতন ও শ্রদ্ধাশীল করে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম। তেমনই এক স্মারক নরসিংদী
জেলার রায়পুরা উপজেলার মতিউরনগরের(রামনগর )‘বাংলার
ঈগল’( ঢাকা-সিলেট মহাসড়কের পাশে)।

ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ছুটে চলে অসংখ্য যানবাহন। মানুষের ব্যস্ততা, হর্নের শব্দ, ধুলো আর পথের নিরন্তর কোলাহলের মাঝখানে হঠাৎই চোখ থেমে যায় একটি আকাশমুখী যুদ্ধবিমানের প্রতিরূপে। মনে হয়, ব্যস্ত পৃথিবীর বুকের ওপর দাঁড়িয়ে সেটি যেন এখনও উড়তে চায়—কোনো অদৃশ্য গন্তব্যের দিকে, কোনো অসমাপ্ত স্বপ্নের দিকে। তার নিচে আঁকা ইতিহাসের নীরব এক পৃষ্ঠা, যেখানে লেখা আছে এক তরুণ বৈমানিকের মা, মাটি, দেশের ভালোবাসা, সাহস আর আত্মত্যাগের গল্প।
তিনি ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান—বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর জীবনের শেষ উড্ডয়ন মিশে আছে বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষার সঙ্গে।
১৯৭১ সালে তিনি ছিলেন পাকিস্তান বিমানবাহিনীর একজন কর্মকর্তা। ১৯৭১ সালে মার্চের শেষদিকে বাংলাদেশের মানুষের ওপর নেমে আসা নির্মম হত্যাযজ্ঞ, নির্যাতন ও দমন-পীড়নের সংবাদ তাঁর বিবেককে ক্রমেই বিদীর্ণ করছিল। মতিউরের পরনে ইউনিফর্ম ছিল পাকিস্তানি বাহিনীর, কিন্তু তাঁর অন্তরের আকাশে তখন অন্য একটি দেশের পতাকা উড়ছিল। একজন সামরিক কর্মকর্তা হিসেবে দায়িত্বের একদিকে ছিল চাকরি ও শৃঙ্খলার কঠোর বন্ধন, অন্যদিকে ছিল জন্মভূমির প্রতি গভীর দায়বোধ। শেষ পর্যন্ত সেই দায়বোধই তাঁর কাছে সবকিছুকে অতিক্রম করে যায়।
১৯৭১ সালের ২০ আগস্ট। করাচির মাশরুর বিমানঘাঁটি থেকে একটি টি-৩৩ প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিনি এক দুঃসাহসিক চেষ্টা চালান। তাঁর লক্ষ্য ছিল বিমানটি নিয়ে ভারতে পৌঁছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিজেকে সম্পৃক্ত করা। কিন্তু ভারতের সীমানায় পৌছার আগেই, আরেকজন পাইলটের সাথে সংঘাতের এক সময়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। শহীদ হন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
তাঁর সেই আত্মত্যাগের জন্য বাংলাদেশ রাষ্ট্র তাঁকে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করে। তিনি কেবল একজন ব্যক্তি নন; তিনি সাহস, দেশপ্রেম এবং আত্মোৎসর্গের এক অনন্য প্রতীক।
তাঁর স্মরণে ২০১৬ সালে ঢাকা -সিলেট মহাসড়কের পাশে ভৈরবের কাছাকাছি রায়পুরার মতিউর নগরে (রামনগর )নির্মিত হয়েছিল ‘বাংলার ঈগল’ স্মৃতি মুরাল। ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকা–সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের কারণে ম্যুরালটি সড়কের মাঝখানে পড়ে যাওয়ায় সেটি অপসারণ করে পূর্বের অবস্থান থেকে সামান্য সরিয়ে নতুন করে পুনর্নির্মাণ করা হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ মহাসড়ক দিয়ে যাতায়াতের সময় এই স্মৃতিচিহ্ন অবলোকন করেন এবং বাংলার এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধায় আনত হন। স্থানীয় মানুষের কাছে এটি গর্বের প্রতীক। এটি রায়পুরা তথা নরসিংদী জেলার পরিচয়েরও ধারক। স্থাপনাটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শনও বলা যায়।

পুনরায় নির্মিত ‘বাংলার ঈগল’ স্মৃতি ম্যুরালটির নকশা ও নির্মাণশৈলীতে মুক্তিযুদ্ধের ইতিহাস, বীরত্ব এবং আকাশজয়ের স্বপ্নকে একসূত্রে গাঁথা হয়েছে। এই স্মৃতি ম্যুরালটি ৩১ ফুট উচ্চতা ও ২২ ফুট প্রস্থের একটি দৃষ্টিনন্দন স্থাপনা, যা দূর থেকেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। ম্যুরালটি তৈরি করেন ভাস্কর অলি মাহমুদ। তাঁর শিল্পিত দক্ষতাতেই তৈরি হয়েছিল আগের স্মৃতিফলকটি।
ম্যুরালটির কেন্দ্রস্থলে রয়েছে একটি ত্রিমুখী কাঠামো। কালো ফ্রেমে সংরক্ষিত একটি অংশে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের প্রতিকৃতি স্থান পেয়েছে। সামরিক পোশাক, ক্যাপ এবং বৈমানিকের চশমায় তাঁর প্রতিকৃতি যেন একজন সাহসী বিমানসেনার দৃঢ় ব্যক্তিত্বকে তুলে ধরে। অপর অংশে সংযোজন করা হয়েছে তাঁর জীবনবৃত্তান্ত ও আত্মত্যাগের সংক্ষিপ্ত ইতিহাস। আর তৃতীয় অংশটি খোলা রাখা হয়েছে আকাশের প্রতীক হিসেবে—যে আকাশ ছিল মতিউর রহমানের কর্মক্ষেত্র, স্বপ্নের ক্ষেত্র এবং শেষ পর্যন্ত দেশের জন্য আত্মত্যাগেরও ক্ষেত্র।
ম্যুরালের মাঝখানে স্থাপিত ত্রিভুজাকৃতির স্তম্ভটি টেরাকোটার অলংকরণে সমৃদ্ধ। স্তম্ভজুড়ে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য, সংগ্রাম, মানুষের অংশগ্রহণ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে শিল্পরূপে ফুটিয়ে তোলা হয়েছে। টেরাকোটার এই অংশটি কেবল শৈল্পিক সৌন্দর্যই বৃদ্ধি করেনি; বরং মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাসকে স্মারকটির সঙ্গে যুক্ত করেছে।
স্থাপনাটির সর্বোচ্চ অংশে সংযোজন করা হয়েছে টি-৩৩ যুদ্ধবিমানের একটি প্রতিরূপ। এটি নিছক একটি বিমান মডেল নয়; বরং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক।
১৯৭১ সালে তিনি পাকিস্তান বিমানবাহিনীর টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের সাহসী প্রচেষ্টা করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতেই স্মৃতি ম্যুরালের শীর্ষে যুদ্ধবিমানটির প্রতিরূপ স্থাপন করা হয়েছে। আকাশমুখী অবস্থানে থাকা বিমানটি দর্শকের মনে স্বাধীনতার জন্য এক তরুণ বৈমানিকের অসীম সাহস ও আত্মত্যাগের স্মৃতি জাগিয়ে তোলে।
ম্যুরালের উপরের ঝুলন্ত অংশে একদিকে ‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’ গ্রামের প্রবেশ নির্দেশক এবং অন্যদিকে ‘বাংলার ঈগল’ নামফলক স্থাপন করা হয়েছে। ফলে এটি শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়; বরং একটি ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে।
‘বাংলার ঈগল’ নামটির মধ্যেও রয়েছে গভীর তাৎপর্য।ইগল শক্তি, স্বাধীনতা, দূরদৃষ্টি এবং আকাশজয়ের প্রতীক যা মূলত একজন বৈমানিক হিসেবে মতিউর রহমানের জীবন ও আত্মত্যাগেরই প্রতীক। ডানা মেলে আকাশে উড়ে চলা ইগল যেমন সীমাহীন স্বাধীনতার প্রতীক, তেমনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানও স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে বাস্তব করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাই ‘বাংলার ঈগল’ কেবল একটি নাম নয়; এটি একজন বীর সন্তানের স্মৃতি, সাহস এবং আদর্শের শিল্পিত প্রকাশ।
আজ যখন আমরা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কথা স্মরণ করি, তখন তাঁর আত্মত্যাগের চেয়েও বড় হয়ে ওঠে তাঁর আদর্শের প্রশ্ন। তিনি যে দেশের জন্য জীবন দিয়েছিলেন, সেই দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ইতিহাসকে সম্মান করা, সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমাদের দেশকে সুন্দর, সুগঠিত, ন্যায়ের রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজটি আমাদেরকেই করতে হবে।


